৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থপাচারের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগরওয়ালা বনানী থেকে গ্রেপ্তার

Published: October 19, 2026, 9:47 pm

অর্থপাচারের অভিযোগে দায়ের করা সিআইডির এক মামলায় জুয়েলারি ব্যবসায়ী ও ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করা হয়েছে। ১৯ অক্টোবর (সোমবার) সন্ধ্যায় রাজধানীর বনানী এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ তাকে আটক করে। সিআইডির কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সেদিন মধ্যরাতে গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ড কার্যালয় ঘিরে অভিযান চালায় বাহিনীটি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সিআইডিতে ঝুলন্ত একটি মামলার প্রেক্ষিতে তাদের অনুরোধেই সন্ধ্যা ৬টার দিকে বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটকের পর তাকে রাজধানীর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

সিআইডির করা মামলার অভিযোগে বলা হয়েছে, স্বর্ণ ও হীরা সংগ্রহের নাম করে ৬৭৮ কোটি ১৯ লাখ ১৪ হাজার ১৪ টাকা বিদেশে পাচার করেছেন দিলীপ আগারওয়ালা। সংস্থাটির তদন্ত অনুযায়ী, ২০০৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত ডায়মন্ড ওয়ার্ল্ড বৈধ পথে আমদানির পাশাপাশি দেশীয় বাজার থেকেও বিপুল অঙ্কের সোনা ও হীরা সংগ্রহ করেছিল, যার আড়ালে এই মানিলন্ডারিং সম্পন্ন হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে গুলশান থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি করে সিআইডি। এদিকে, দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন মামলা ও অভিযোগের অন্ত নেই। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সংস্থাটির প্রাথমিক অনুসন্ধানে তার প্রতিষ্ঠানের স্বর্ণ ও হীরা সংগ্রহের উৎস এবং সরবরাহকারীদের বৈধ নথিপত্র নিয়ে প্রশ্ন ওঠে। তবে এসব পণ্যের উৎস সম্পর্কে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র পাওয়া যায়নি বলে জানায় সংস্থাটি।

ব্যবসা প্রসারের আড়ালে সোনা ও হীরা চোরাচালান, জালিয়াতি, প্রতারণা এবং অর্থপাচারের একাধিক অভিযোগ রয়েছে এই ব্যবসায়ীর বিরুদ্ধে। এর আগে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই র‍্যাব তাকে গ্রেপ্তার করেছিল। পরবর্তীতে জুলাই বিপ্লব চলাকালে ঢাকার বাড্ডায় হৃদয় আহমেদ নামের এক কিশোর নিহতের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলাতেও তাকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।