
চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের মানুষ স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেবে না। শুক্রবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত এই সম্মেলনে তিনি স্পষ্ট করেন যে, যারা মানুষ হত্যা, গণহত্যা, গুম ও নির্যাতনের সঙ্গে জড়িত থেকেও এখনো ক্ষমা চায়নি বা অনুশোচনা প্রকাশ করেনি, সেই দলকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ গুম-খুন ও নির্যাতনের মাধ্যমে দেশকে বিপর্যস্ত করে ক্ষমতা থেকে পালিয়ে গেছে। শাপলা চত্বরে আলেম-ওলামাদের হত্যা ও মসজিদ রক্তাক্ত করা ফ্যাসিবাদী শক্তির প্রত্যাবর্তন ঠেকানোর প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে দেশ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়েছে। যারা এ ধরনের অস্থিরতা তৈরির চেষ্টা করছে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তনের ক্ষেত্র তৈরির পেছনে ফ্যাসিবাদী শক্তির ইন্ধন রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক করেন। সাম্প্রতিক গার্মেন্টস খাতে শ্রমিক অসন্তোষের পেছনে এই শক্তির হাত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ সময় জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, একটি রাজনৈতিক শক্তি ইসলামের কথা বললেও তাদের ইশতেহারে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার সুস্পষ্ট অঙ্গীকার নেই। বরং তারা শরিয়াভিত্তিক শাসনের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি আরও জানান, বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী প্রণীত 'জুলাই জাতীয় সনদ' বিএনপি বাস্তবায়ন করবে। এছাড়া সংবিধান থেকে বাদ দেওয়া ইসলামী মূল্যবোধের বিষয়গুলো পুনঃস্থাপন ও বিসমিল্লাহ সংযোজন করা হবে। আওয়ামী লীগের প্রত্যাবর্তনের ক্ষেত্র তৈরি করা হচ্ছে কি না, এমন প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কি আবার সেই ফ্যাসিবাদীদের পুনরাগমন চাই। তিনি আরও বলেন, তারা মুখে এক কথা বলে, কিন্তু তাদের দলিলে কী আছে, সেটি বলে না। তাহলে সেই ক্ষেত্র আজকে কারা তৈরি করে দিচ্ছে। তারা শরিয়াভিত্তিক আইন-কানুন ও শাসনব্যবস্থার পক্ষে অবস্থান নেয়নি। এমনকি তাদের দলীয় দলিল ও মনোগ্রাম থেকেও ‘আকিমুদ্দীন’ বাদ দেয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আন্দোলনকারীদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, আন্দোলনের নামে বিভ্রান্তি সৃষ্টি না করে গঠনমূলক সমালোচনা করতে হবে।
সরকার একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায় যেখানে অর্থনৈতিক উন্নয়ন, রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি আলেম-ওলামা ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে কাজ করা হবে।
সম্মেলনের আগে স্বরাষ্ট্রমন্ত্রী হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও বাবুনগর মাদ্রাসার প্রধান পরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সম্মেলনে সভাপতিত্ব করেন আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। এতে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৬ আসনের এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৭ আসনের এমপি হুম্মাম কাদের চৌধুরী, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া ও পুলিশ সুপার মাসুদ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.