
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যুদ্ধ বিরতির লক্ষ্যে সরাসরি বৈঠকে অংশ নিয়েছে রাশিয়া ও ইউক্রেন। মার্কিন প্রশাসনের মধ্যস্থতায় আয়োজিত এ আলোচনাটি চলতি বছরের ফেব্রুয়ারির পর তিন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রথম ত্রিপক্ষীয় বৈঠক। রুশ সরকারি সংবাদ সংস্থা আরআইএ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, ১০ নভেম্বর মঙ্গলবার দুই দিনব্যাপী এই আলোচনা কার্যক্রমের সূচনা হয়। বৈঠকটিতে যুক্তরাষ্ট্রের পক্ষে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তাঁর জামাতা জ্যারেড কুশনার।
রাশিয়ার পক্ষে আলোচনার হাল ধরেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম আস্থাভাজন প্রতিনিধি ভ্লাদিমির মেদিনস্কি। ২০২২ সালের মার্চে তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের প্রথম প্রত্যক্ষ শান্তি আলোচনার সময় থেকেও তিনি রুশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন। মেদিনস্কির সঙ্গে আবুধাবিতে উপস্থিত রয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ও মিখাইল গালুজিন। এ ছাড়া রুশ সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান ইগর কোস্তিউকভ এবং জেনারেল স্টাফের অপারেশনাল বিভাগের ডেপুটি প্রধান ইউরি ঝগারলভস্কি এই দলে অন্তর্ভুক্ত রয়েছেন।
কিয়েভের পক্ষ থেকে উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদল আলোচনায় অংশ নিচ্ছে। এর নেতৃত্বে রয়েছেন ইউক্রেনের ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস বা বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান রুস্তেম উমেরভ। কিয়েভ টিমে আরও আছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ কিরিলো বুদানভ, তাঁর ডেপুটি সের্গেই কিসলিতসিয়া এবং ইউক্রেনের ক্ষমতাসীন রাজনৈতিক দল সার্ভেন্ট অব দ্য পিপলের গুরুত্বপূর্ণ নেতা দাভিদ আরাখামিয়া।
শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ইউরোপীয় নানা দেশের প্রতিনিধিরাও বর্তমানে আবুধাবিতে অবস্থান করছেন। তবে সরাসরি মূল বৈঠকে তাঁদের উপস্থিতি ও অংশগ্রহণ নিয়ে কড়া আপত্তি ব্যক্ত করেছে মস্কো। কিয়েভের প্রতিনিধিরা অবশ্য মূল ত্রিপক্ষীয় আলোচনার আগে ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো এবং ফ্রান্সসহ বিভিন্ন রাষ্ট্রের কূটনৈতিক কর্মকর্তা ও দুই মার্কিন মধ্যস্থতাকারীর সঙ্গে পৃথক বৈঠক করেন।
একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ভূখণ্ড হস্তান্তরের মতো জটিল ও সংবেদনশীল বিষয়ে উভয় পক্ষ ব্যক্তিগত আলোচনায় কিছুটা নমনীয় মনোভাব প্রদর্শন করছে। সম্ভাব্য কোনো সমঝোতায় ইউক্রেনের নিরাপত্তার কার্যকর নিশ্চয়তা এবং ইউরোপীয় ইউনিয়নে যোগদানের ভবিষ্যৎ পথ সুগম করার বিষয়েও কথাবার্তা এগোচ্ছে। ইউক্রেনকে নিরাপত্তার স্বার্থে ন্যাটোর বিখ্যাত 'আর্টিকেল ৫'-এর মতো সুরক্ষা দেওয়ার কথা ভাবছে ওয়াশিংটন। ইউক্রেনের নিরাপত্তার জন্য ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের আদলে কোনো নিশ্চয়তা দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন তিনি।
ক্রেমলিন সূত্রের খবর অনুযায়ী, যুদ্ধপরবর্তী ইউরোপের সার্বিক নিরাপত্তা কাঠামো কীভাবে গড়ে উঠবে, তা আবুধাবির এই বৈঠকে সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছে। নতুন করে যাতে আর কোনো সংঘাত না ঘটে এবং এ অঞ্চলের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করা যায়, সে কৌশল নিয়েও আলোচনা করছেন প্রতিনিধিরা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে, এই আলোচনার মাধ্যমে শীঘ্রই একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে। সিবিএস নিউজের '৬০ মিনিটস' অনুষ্ঠানে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি উল্লেখ করেন, দুই পক্ষই একটি কার্যকর সমঝোতার বেশ কাছাকাছি পৌঁছে গেছে। রোববার (৮ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি সমঝোতা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং দুই পক্ষ চুক্তির খুব কাছাকাছি রয়েছে।
ট্রাম্প বলেন যে এই প্রক্রিয়ার শেষে ইউক্রেনের নতুন একটি রূপ প্রকাশ পেতে পারে, যার মাধ্যমে ভূখণ্ড বা সীমান্তে কিছু পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। তবে কোন নির্দিষ্ট অঞ্চল বা সীমান্তের মানচিত্রে পরিবর্তন আসতে পারে, সে সম্পর্কিত বিষদ ব্যাখ্যা তিনি দেননি। পুতিন এবং জেলেনস্কির মধ্যেকার ব্যক্তিগত প্রচণ্ড তিক্ততা ও শত্রুতাকেই শান্তি প্রতিষ্ঠার প্রধান পথসংকট বলে মনে করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, আমরা এটি সম্পন্ন করতে পারব।
যুদ্ধ বন্ধে পুতিন শুরু থেকেই কিছু কঠোর শর্ত দিয়ে আসছেন। ২০২২ সালে সামরিক অভিযান শুরুর পর থেকে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে আসা দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া ও খেরসন—এই চার অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনা পুরোপুরি প্রত্যাহার এবং এলাকাগুলোকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়াকেই স্থায়ী যুদ্ধবিরতির পূর্বশর্ত মানেন পুতিন।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুরু থেকেই রাশিয়ার এসব দাবি পুরোপুরি নস্যাৎ করে দিয়েছেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইউক্রেনের কোনো ভূখণ্ড হাতছাড়া করা কিংবা সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো প্রকার আত্মসমর্পণ বা চুক্তি মেনে নেওয়া হবে না বলে বারবার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.