
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে আবারো সংলাপে ফেরার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে তিনি এ আহ্বান জানান। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিং সবসময় সব দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের পক্ষে এবং বৈশ্বিক সংকট নিরসনে গঠনমূলক ভূমিকা পালন করে আসছে।
বৈঠকে শি জিনপিং যুক্তরাষ্ট্র ও ইরানকে পারমাণবিক ইস্যুসহ ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্তানুযায়ী পুনরায় আলোচনার টেবিলে ফেরার বিষয়ে চীনের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি আশাপ্রকাশ করেন যে, উভয় পক্ষ দ্রুত সব ধরণের মতপার্থক্য নিরসন করে শান্তি প্রতিষ্ঠায় একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছাতে সক্ষম হবে, যা দীর্ঘমেয়াদী যুদ্ধের অবসান ঘটাবে।
আলোচনার টেবিলে তাইওয়ান ইস্যু নিয়ে ওয়াশিংটনকে সতর্ক করেছেন চীনা প্রেসিডেন্ট। তিনি স্পষ্টভাবে জানান যে, বেইজিংয়ের জাতীয় ঐক্য ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষার অবস্থান অটল। তিনি মার্কিন প্রশাসনকে ‘তাইওয়ানের স্বাধীনতার’ ধারণার বিরোধিতা করার আহ্বান জানান এবং দ্বীপটির বিষয়ে সতর্কতার সঙ্গে পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন। শি জিনপিংয়ের মতে, তাইওয়ান প্রশ্নে সঠিক অবস্থান দুই দেশের কৌশলগত সম্পর্কের ভিত্তি মজবুত করবে।
উভয় দেশের সম্পর্কের কৌশলগত স্থিতিশীলতার ওপর জোর দিয়ে চীনা প্রেসিডেন্ট বলেন, চীন-যুক্তরাষ্ট্রের গঠনমূলক সম্পর্ক কেবল সাময়িক কোনো কৌশল নয়। পারস্পরিক সহাবস্থানের সঠিক পথ খুঁজে বের করার জন্য একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রয়োজন, যা দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে উভয় পক্ষকে সহায়তা করবে বলে তিনি মন্তব্য করেন।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.