
দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির চাহিদাপূরণে ২০২৭ সালে ১৪ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল বা ক্রুড অয়েল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই আমদানির প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সৌদি আরবের সৌদি আরামকো এবং আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (এডনক)-এর কাছ থেকে সরকারি পর্যায়ে (জিটুজি) এই তেল আমদানি করবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক ইসলামিক বাণিজ্য অর্থায়ন সংস্থা (আইটিএফসি)-র ঋণের আওতায় এই তেল কেনা হবে। মূলত ইস্টার্ন রিফাইনারির প্ল্যান্টে ‘অ্যারাবিয়ান লাইট ক্রুড অয়েল’ ও এডনকের ‘মারবান ক্রুড অয়েল’ প্রক্রিয়াকরণ অধিক সাশ্রয়ী হওয়ায় সরাসরি ক্রয়পদ্ধতিতেই (ডিপিএম) এই আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
একই বৈঠকে বিপিসির অপর একটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে পরিশোধিত জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে দরপত্র প্রস্তুত ও জমা দেওয়ার সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ২১ দিনে নামিয়ে আনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এদিকে, সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কৃষি মন্ত্রণালয়ের অধীনে মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন দিয়েছে। মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এসএ থেকে এই সার আমদানিতে ব্যয় হবে ৪২৭ কোটি ৮০ লাখ ৪০ হাজার টাকা। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সরকারি চুক্তির আওতায় এই সার সংগ্রহ করবে এবং এর অর্থায়ন করা হবে কৃষি ভর্তুকির জন্য নির্ধারিত বাজেট থেকে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.