
ঈশ্বরদীতে নিত্যপ্রয়োজনীয় জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচি বাধাগ্রস্ত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে ঈশ্বরদী বাজারের ১ নম্বর গেট সংলগ্ন এলাকায় দলটির পথসভা ও লিফলেট বিতরণ চলাকালে এক ব্যক্তি সেখানে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং নেতাকর্মীদের হুমকি প্রদান করেন।
এনসিপি ঈশ্বরদী উপজেলা শাখার ভাষ্যমতে, জনস্বার্থের দাবিতে নির্ধারিত কর্মসূচি চলাকালে ওমর শেখ শান্ত নামক এক ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে বাধা দেন। তাকে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি হিসেবে পরিচয় দেওয়া হলেও স্থানীয় পর্যায়ে তার রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক রয়েছে। অভিযোগ রয়েছে, এই ব্যক্তি অতীতে ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন এবং বর্তমানে বিএনপির একটি অংশের সঙ্গে যুক্ত হয়ে ছাত্রদলের পরিচয়ে চলছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় নেতাদের দেওয়া তথ্য অনুযায়ী, ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়নের কাছে ওমর শেখ শান্তর বিগত সময়ের ছাত্রলীগের রাজনীতির সংশ্লিষ্টতার প্রমাণ রয়েছে। তবে বিষয়টিকে ঘিরে স্থানীয় রাজনীতিতে ভিন্ন মতও পাওয়া গেছে। ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু জানিয়েছেন যে তিনি ব্যক্তিগতভাবে অভিযুক্ত ব্যক্তিকে চিনতে পারছেন না, তবে তিনি হয়তো কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলামের বলয়ের রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে পারেন।
এনসিপির ঈশ্বরদী উপজেলা সদস্যসচিব সুলতান মাহমুদ বিদ্যুৎ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, গণতান্ত্রিক পরিবেশে জনগণের ন্যায্য দাবি আদায়ের কর্মসূচি পালন করা নাগরিক অধিকার। তিনি এই ঘটনার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন। তবে এই বিষয়ে অভিযুক্ত ওমর শেখ শান্তর তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.