
বাংলাদেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে এবং বৈশ্বিক শিক্ষাব্যবস্থার সাথে সমন্বয় ঘটাতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ‘ক্রস-বর্ডার হায়ার এডুকেশন নীতিমালা’ প্রণয়ন করছে। এই প্রস্তাবিত নীতিমালার মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও মানসম্পন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোকে বাংলাদেশে শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার খোলার সুযোগ দেওয়ার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি, দেশের যোগ্য ও মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়গুলো যাতে বিদেশে নিজেদের শাখা ক্যাম্পাস স্থাপন করতে পারে, সেই সুযোগ তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।
রোববার ইউসিএসআই ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদল ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে আলোচনার প্রেক্ষিতে ড. মামুন আহমেদ জানান, বাংলাদেশে বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অনুমোদনের ক্ষেত্রে শিক্ষার গুণগত মান, একাডেমিক পরিবেশ, সুশাসন এবং শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মূল ক্যাম্পাসের সমমানের শিক্ষার নিশ্চয়তা প্রদানই হবে মূল লক্ষ্য।
ইউজিসি চেয়ারম্যান জানান, দেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন জ্ঞান ও দক্ষতা অর্জনের চাহিদাকে বিবেচনায় নিয়ে আধুনিক ও সময়োপযোগী প্রোগ্রাম চালুকে উৎসাহিত করা হবে। বিশেষ করে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, রোবোটিকস ও নবায়নযোগ্য জ্বালানির মতো উদীয়মান ক্ষেত্রে দক্ষ জনশক্তি তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া দেশের প্রয়োজন ও সক্ষমতা যাচাই সাপেক্ষে যোগ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে খুব দ্রুত পিএইচডি প্রোগ্রাম পরিচালনার অনুমতি দেওয়া হবে বলে তিনি জানান।
আন্তর্জাতিক একাডেমিক পরিমণ্ডলে বাংলাদেশের শিক্ষক ও শিক্ষার্থীদের সুযোগ বাড়াতে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে স্কলারশিপ, যৌথ গবেষণা ও ডিগ্রি প্রোগ্রামের উদ্যোগ নেওয়া হচ্ছে। ইউজিসি চেয়ারম্যান ইউসিএসআই ইউনিভার্সিটির প্রতি বাংলাদেশের মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়গুলোর মালয়েশিয়ায় শাখা ক্যাম্পাস স্থাপনে সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, আমরা একসঙ্গে কাজ করতে আগ্রহী এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক পরিসরে কার্যক্রম সম্প্রসারণে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।
সাক্ষাৎকালে ইউসিএসআই ইউনিভার্সিটির প্রতিনিধিরা বাংলাদেশে তাদের কার্যক্রম আরও বড় পরিসরে পরিচালনার আগ্রহ প্রকাশ করেন। তারা বিভিন্ন নতুন একাডেমিক প্রোগ্রাম ও পিএইচডি ডিগ্রি প্রদানের অনুমতির পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ, যৌথ ডিগ্রি ও টিউশন ফি ওয়েভারের প্রস্তাব তুলে ধরেন। এছাড়া বাংলাদেশি শিক্ষকদের জন্য ইউজিসির বিদেশি স্কলারশিপ কার্যক্রমে ইউসিএসআইকে যুক্ত করার আগ্রহ ও শিক্ষকদের টিউশন ফি ওয়েভারের বিষয়ে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
সভায় আগামী ডিসেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য ইউসিএসআই ইউনিভার্সিটির সমাবর্তনে যোগ দেওয়ার জন্য ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ইউসিএসআই ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ও ভাইস-চ্যান্সেলর প্রফেসর ইমেরিটাস দাতুক ড. সিতি হামিসা বিনতে তাপসিরের নেতৃত্বে ১০ সদস্যের এই প্রতিনিধিদল ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন। মালয়েশিয়ার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউসিএসআইয়ের ঢাকার বনানীতে একটি শাখা ক্যাম্পাস রয়েছে।
আলোচনাসভায় ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, আইসিসি বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূঁইয়া, ইনসাইট ইনস্টিটিউট অব লার্নিংয়ের চেয়ারম্যান এবং ইউসিএসআই বাংলাদেশ শাখা ক্যাম্পাসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আরিফুল বারী মজুমদার, এবং উক্ত শাখা ক্যাম্পাসের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ কুশাইরি বিন মোহাম্মদ রাজউদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.