৯ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপিকে যেখানেই পাওয়া যাবে লাঠিপেটা করা হবে: সিলেট বিএনপি

Published: September 24, 2026, 3:11 pm

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বুধবার বিকেলে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এনসিপির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি নেতারা। শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘আমরা গত দিন দেখলাম নাসীরুদ্দীন পাটওয়ারী বলছেন, “আমরা যে আন্দোলন করছি, ওই সব মেনে নিলে ককটেল হবে না।” এর অর্থ হলো এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) ককটেল বা নাশকতার মতো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তাই এনসিপির বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। যেখানেই এনসিপিকে পাওয়া যাবে, সেখানেই লাঠিপেটা দেওয়া হবে। এই সিলেটে তাদের মোকাবিলা করার জন্য স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট।’

ইমদাদ হোসেন চৌধুরী আরও বলেন, ‘কিছুদিন ধরে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে যে ধরনের বক্তব্য দিচ্ছেন, তা সম্পূর্ণ শিষ্টাচারবহির্ভূত। এ ধরনের আপত্তিকর মন্তব্যের পর বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে।’ তিনি এনসিপি নেতাদের কড়া ভাষায় সতর্ক করে দিয়ে বলেন, এ ধরনের উসকানিমূলক বক্তব্যের পর যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায়ভার তাদেরই নিতে হবে। সমাবেশ থেকে সরকারের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করা এবং দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ তোলা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন বলেন, বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, তখন দেশে আইনের শাসন, অর্থনৈতিক সমৃদ্ধি ও প্রকৃত উন্নয়ন নিশ্চিত করা হয়েছিল। তৎকালীন সময়ে দেশ শান্তিপূর্ণ ও স্থিতিশীল ছিল। কিন্তু বর্তমানে একটি স্বার্থান্বেষী মহল সব সময় দেশের শান্তি ও উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে এবং দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।

নেতা-কর্মীদের উদ্দেশে নাসিম হোসেন আহ্বান জানান, যেকোনো মূল্যে দেশবিরোধী ও গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মীকে দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে রাজপথে প্রহরীর ভূমিকা পালনের নির্দেশনা দেন তিনি। বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং থাকবে উল্লেখ করে তিনি বলেন, কোনো চক্রান্তকারী অপশক্তিকে দেশের শান্তিশৃঙ্খলা ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেওয়া হবে না। মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্যসচিব আফছর খানের সঞ্চালনায় সমাবেশে দলের স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।