১৩ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এমটিভি ভিএমএ ইতিহাসে ৩৩ পুরস্কারের রেকর্ড টেইলর সুইফটের

Published: September 28, 2026, 4:53 pm

মার্কিন সংগীত তারকা টেইলর সুইফট এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস (ভিএমএ)-এর ইতিহাসে সবচেয়ে বেশি পুরস্কার জয়ের নতুন মাইলফলক স্পর্শ করেছেন। লস অ্যাঞ্জেলেসে ২০২৬ সালের জমকালো আসরে একটি বিশেষ সম্মাননা পাওয়ার মাধ্যমে তার অর্জিত মোট ভিএমএ পুরস্কারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩-এ। এর আগে দীর্ঘ সময় ধরে ৩০টি পুরস্কার নিয়ে তালিকার শীর্ষে ছিলেন বিয়ন্সে, যাকে পেছনে ফেলে এখন চূড়ায় অবস্থান করছেন সুইফট।

সংগীত পরিবেশনার পাশাপাশি দৃশ্যভিত্তিক গল্প বলা এবং চমৎকার মিউজিক ভিডিও নির্মাণে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। এই অর্জনের প্রতিক্রিয়ায় আবেগাপ্লুত সুইফট বলেন, সংগীত ভিডিওর নান্দনিকতাকে সমৃদ্ধ করতে এবং শিল্পীদের জন্য দীর্ঘ সময় ধরে একটি শক্তিশালী মঞ্চ গড়ে দেওয়ায় তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞ। নিজের এই সাফল্য তিনি তার ভক্তদের ভালোবাসার প্রতি উৎসর্গ করেছেন।

এবারের আয়োজনে সুইফট তার জনপ্রিয় গান ‘দ্য ফেট অব অফেলিয়া’-এর জন্য মর্যাদাপূর্ণ ‘বর্ষসেরা ভিডিও’ পুরস্কারটিও জয় করেছেন। একই মঞ্চে প্রথমবারের মতো প্রদর্শন করা হয় সুইফটের নিজস্ব পরিচালনায় নির্মিত ‘পেশেন্ট জিরো’ গানটির ভিডিও। এতে সুইফটের সাথে অভিনয় করতে দেখা গেছে কলিন ফ্যারেল এবং ডাকোটা জনসনকে।

দুই দশকের দীর্ঘ সংগীত ক্যারিয়ারে প্রায় ৬০টির মতো মিউজিক ভিডিও উপহার দিয়েছেন এই তারকা। এর মধ্যে ১৮টি মিউজিক ভিডিওর চিত্রনাট্য লেখা থেকে শুরু করে পরিচালনার পুরো দায়িত্ব তিনি নিজেই পালন করেছেন। ভিডিও নির্মাণ ও পরিচালনায় নিজের এই নিবেদন এবং অনন্য রেকর্ডের মাধ্যমে সংগীত শিল্পের এই মেগাস্টার নিজেকে এক উচ্চতর অবস্থানে উন্নীত করলেন।