
তৈরি পোশাকশ্রমিকেরা দ্রুত কাজে যোগ না দিলে রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানাগুলো বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন মালিকরা। এই আইন অনুযায়ী ‘কাজ নেই, মজুরিও নেই’ নীতি কার্যকর হবে। শনিবার ঢাকার উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান এ কথা জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে সাভার, আশুলিয়া ও গাজীপুরের ৫৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। এছাড়া শ্রমিক বিক্ষোভের জেরে আরও ৯২টি কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে। সোমবার মজুরি বোর্ডে মালিকপক্ষ তাদের প্রস্তাব পেশ করবে বলেও জানিয়েছেন বিজিএমইএ সভাপতি। তিনি আরও বলেন, যেসকল কারখানায় উৎপাদন স্বাভাবিক করা সম্ভব হবে না, মালিকপক্ষ চাইলে সেগুলোও শ্রম আইনের এই ধারায় বন্ধ রাখতে পারবে।





