
আঞ্চলিক অস্থিরতা ও যুদ্ধের মধ্যেও কাতার নিজস্ব সক্ষমতা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংহতির প্রমাণ দিয়েছে বলে মন্তব্য করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। মঙ্গলবার (১৩ অক্টোবর) দোহায় শূরা কাউন্সিলে দেওয়া ভাষণে তিনি জানান, কয়েক মাসের অস্থিতিশীলতায় পুরো অঞ্চল ‘অভূতপূর্ব পরিস্থিতির’ মুখোমুখি হলেও কাতার তা সাহসিকতার সাথে মোকাবিলা করেছে। একই সঙ্গে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস করা হবে না বলে তিনি কঠোর হুশিয়ারি দিয়েছেন।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে সংকট তৈরি করেছে। যুদ্ধের ভয়াবহতায় ইরান একাধিকবার কাতারে হামলা চালিয়েছে, যার মধ্যে গত মার্চ মাসে বিশ্বের বৃহত্তম এলএনজি উৎপাদনকেন্দ্র 'রাস লাফান' গ্যাস স্থাপনাও আক্রান্ত হয়। আমির শেখ তামিম জানান, যুদ্ধ শুরুর আগেই নেওয়া দূরদর্শী নীতির কারণেই কাতার এই অস্থিতিশীল পরিস্থিতির নেতিবাচক প্রভাব সামলে উঠতে সক্ষম হয়েছে।
আমির শেখ তামিম যুদ্ধ বন্ধ এবং শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সংকট সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ফিলিস্তিনিদের অধিকারের প্রতি কাতারের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে তিনি জানান, কূটনীতি ও আলোচনার পথেই স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব। আঞ্চলিক সংকটের এই জটিল সময়ে কাতারের এই বক্তব্য একদিকে যেমন নিজস্ব সার্বভৌমত্বের সুরক্ষা নিশ্চিত করেছে, তেমনি আন্তর্জাতিক পর্যায়েও শান্তির পক্ষে দৃঢ় অবস্থান তুলে ধরেছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.