
পরিবহন মালিকদের মধ্যকার অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে রোববার সকাল থেকে কিশোরগঞ্জ-মহাখালী রুটে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি। হঠাৎ নেওয়া এই সিদ্ধান্তের ফলে চরম বিপাকে পড়েছেন ঢাকা অভিমুখী সাধারণ যাত্রীরা। টার্মিনালে এসে অনেকে বাস না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
মালিক সমিতি সূত্রে জানা যায়, সম্প্রতি দায়িত্ব নেওয়া নতুন কমিটি যাত্রীসেবা উন্নত করতে পুরোনো বাস প্রত্যাহার করে নতুন বাস চালুর পরিকল্পনা নেয়। প্রাথমিকভাবে ঢাকার পরিবহন মালিকরা এই উদ্যোগে সম্মতি জানালেও পরে তারা পিছু হটেন। অভিযোগ রয়েছে, কিশোরগঞ্জের মালিকরা নিয়ম মেনে নতুন বাস নামালেও ঢাকার মালিকরা পুরোনো বাস বহাল রাখেন এবং রুটটিতে অতিরিক্ত দুটি বাস যুক্ত করেন।
এই বিরোধের জেরে গত শনিবার ঢাকায় কিশোরগঞ্জের পরিবহনগুলোর কাউন্টার বন্ধ করে দেন ঢাকার মালিকপক্ষ। এরই প্রতিবাদে এবং পরিস্থিতি সামাল দিতে কিশোরগঞ্জ জেলা পরিবহন মালিক সমিতি মহাখালীগামী বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এই ধর্মঘটের আওতায় অনন্যা পরিবহনের ৫০টি, অনন্যা ক্লাসিকের ৫৭টি, জলসিঁড়ির ১০০টি এবং উজানভাটির ৩০টি মিলিয়ে মোট ২৩৭টি বাস চলাচল পুরোপুরি স্থবির হয়ে পড়েছে।
দীর্ঘদিন ধরে চলতে থাকা এই দ্বন্দ্বের কারণে সাধারণ যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। কোনো পূর্বঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ হওয়ায় জরুরি প্রয়োজনে ঢাকায় যাতায়াত করতে ইচ্ছুক হাজার হাজার যাত্রী বিভিন্ন টার্মিনালে এসে দীর্ঘ সময় অপেক্ষার পর দুর্ভোগের শিকার হচ্ছেন।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.