
কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে গভীর রাত পর্যন্ত চালানো এই অভিযানে মোট ৩৫১ জনকে আটক করা হয়। অভিযানের পর অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে ১৩২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া ২১৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় থানা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) সমন্বিতভাবে এই কার্যক্রম পরিচালনা করেছে। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশ নেন। কুমিল্লার বিভিন্ন এলাকায় যেখানে উঠতি বয়সী বখাটেদের উৎপাত ও কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে, সেসব স্থানে তল্লাশি চালানো হয়। উঠতি বয়সি কিশোরা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিতই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
উল্লেখ্য যে, গত ২৩ সেপ্টেম্বর থেকে জেলায় কিশোর গ্যাং বিরোধী ধারাবাহিক অভিযান শুরু হয়। ২৯ অক্টোবর পর্যন্ত প্রায় এক মাসে মোট ৫ হাজার ২৪৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ১৫১ জনকে মুচলেকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বাকি ২ হাজার ৯৫ জনের বিরুদ্ধে নেওয়া হয়েছে আইনি পদক্ষেপ।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। অপ্রতিম হত্যার ঘটনার পর থেকে এই অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের একটি বড় অংশ শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.