
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমের অংশ হিসেবে একটি বাস উপহার দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। বুধবার কলেজ ক্যাম্পাসের জিয়া অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বাসের চাবি হস্তান্তর করা হয়। পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার ভূঁইয়ার কাছে বাসের চাবি তুলে দেন।
অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ, তাই তাদের যাতায়াত ব্যবস্থা সহজ ও নিরাপদ করা আমাদের সম্মিলিত দায়িত্ব। তিনি আরও জানান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের জন্য এই বাস উপহার দিতে পেরে পূবালী ব্যাংক আনন্দিত। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে সম্পৃক্ত থেকে দেশের টেকসই উন্নয়নে ব্যাংক তার সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম আগামীতেও অব্যাহত রাখবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার ভূঁইয়ার সভাপতিত্বে এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল মজিদ এবং পূবালী ব্যাংকের কুমিল্লা অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মাইনুল ইসলাম। অধ্যক্ষ তার সভাপতির বক্তব্যে ব্যাংকের এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় হিসেবে উল্লেখ করে পূবালী ব্যাংক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, এই বাসটি শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতে বড় ভূমিকা রাখবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. আবদুল কুদ্দুস। এ সময় শিক্ষক পরিষদ সম্পাদক গাজী গোলাম মোহাম্মদ সোহরাব হাসান ও ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাস হস্তান্তর অনুষ্ঠানের পাশাপাশি ওইদিন কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। একই সাথে শিক্ষার্থীদের ব্যাংকিং সেবা সহজলভ্য করতে ক্যাম্পাসে পূবালী ব্যাংকের একটি নতুন ইলেকট্রনিক বুথেরও উদ্বোধন করা হয়। কলেজের পক্ষ থেকে এই উন্নয়নমূলক কাজগুলোকে স্বাগত জানিয়ে শিক্ষক ও সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন যে, এসব উদ্যোগ কলেজের পরিবেশ ও শিক্ষার্থীদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.