
আঞ্চলিক নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকার নিয়ে সৃষ্ট গভীর সংশয়ের প্রেক্ষাপটে উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি কুয়েতে নতুন একটি যৌথ অগ্রবর্তী কমান্ড কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম দ্য মিডেল ইস্ট আইয়ের তথ্য অনুযায়ী, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যকার সামরিক সমন্বয় ও নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জিসিসির মহাসচিব জাসেম আল-বুদাইওয়ি মঙ্গলবার এক বিবৃতিতে নিশ্চিত করেছেন যে, কেন্দ্রটিতে উপযুক্ত সামরিক বাহিনী মোতায়েন করা হবে, যদিও এর গঠন বা কার্যপরিধি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে এর বাইরে বিস্তারিত জানাননি তিনি। জিসিসির যৌথ সামরিক কমান্ড কাঠামোর অভাব পূরণের চেষ্টা হিসেবে এ পদক্ষেপকে দেখা যেতে পারে। কুয়েতে কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত এর বাস্তব কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলতে পারে।
ছয়টি উপসাগরীয় দেশের এই জোট ২০০০ সালে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছিল। সেই চুক্তির মূল ভিত্তি ছিল ‘এক সদস্যের ওপর হামলা সবার ওপর হামলা’ হিসেবে গণ্য হওয়া। তবে বাস্তবে ন্যাটো জোটের মতো জিসিসির এই আত্মরক্ষার অঙ্গীকার ততটা অটুট নয়। বিশেষ করে বিভিন্ন ফ্রন্ট থেকে সদস্যদের ওপর হামলায় সংগঠনটির নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর মধ্যে ২০২৫ সালের সেপ্টেম্বরে কাতারের দোহায় হামাস আলোচকদের ওপর ইসরায়েলি হামলা এবং সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মতো ঘটনাগুলোতে জিসিসি কোনো কার্যকর সাড়া দিতে পারেনি।
কুয়েতে নতুন এই কেন্দ্র স্থাপনের যৌক্তিকতা নিয়েও নানা মহলে আলোচনা চলছে। ভৌগোলিক অবস্থানের কারণে দেশটি বরাবরই ইরান ও ইরাকি মিলিশিয়াদের ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। যুদ্ধের আগে কুয়েতে প্রায় ১৪ হাজার মার্কিন সেনা মোতায়েন ছিল, যা মধ্যপ্রাচ্যের যেকোনো দেশের তুলনায় সর্বোচ্চ। দেশটিতে অবস্থিত ক্যাম্প আরিফজান ও আলী আল-সালেম বিমান ঘাঁটির মতো গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ইরান অতীতে তীব্র হামলা চালিয়েছে। মার্কিন বাহিনী যেখানে নিজেদের ঘাঁটিই সুরক্ষিত রাখতে হিমশিম খাচ্ছে, সেখানে জিসিসির নতুন এই কমান্ড কেন্দ্র কতটা কার্যকর হবে, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে সংশয় রয়েছে।
বর্তমানে উপসাগরীয় দেশগুলো নিজেদের নিরাপত্তার জন্য বিকল্প পথ খুঁজছে। হুথিদের হামলার মুখে সৌদি আরব পাকিস্তান ও তুরস্কের সঙ্গে মক্কা চুক্তি কার্যকর করেছে, আবার সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সম্পর্ক জোরদার করেছে। অর্ধশতক ধরে এই দেশগুলোর নিরাপত্তার মূল রক্ষাকবচ ছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি লড়াইয়ে এই সম্পর্ক এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত ইরানে হামলা না চালাতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করলেও তা উপেক্ষা করা হয়েছে। এর ফলে মার্কিন ঘাঁটি থাকা দেশগুলো নতুন করে ইরানি হামলার হুমকির মুখে পড়েছে এবং বিশ্লেষকদের মতে, মার্কিন সেনার উপস্থিতিই উল্টো তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। নিরাপত্তার জন্য বাইরের অংশীদারদের দিকে ঝুঁকছে উপসাগরীয় দেশগুলো।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.