
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গত সোমবার রাত থেকে নিখোঁজ থাকা ২৫ বছর বয়সী তরুণ রাজা হোসেনের সন্ধান মিলেছে। উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সাতবিল মাঠ এলাকার একটি ইট বিছানো সড়কের পাশ থেকে আজ বুধবার সকাল সোয়া ৬টার দিকে তাঁর পরনের কাপড়, স্যান্ডেল ও হাতঘড়ি দেখে পরিচয় শনাক্ত করেন পরিবারের সদস্যরা। রাজা কামালপুর গ্রামের বাসিন্দা ইমাম আলীর ছেলে। তাঁর নিখোঁজের বিষয়ে আগেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকালে সানাউল্লাহ নামের এক কৃষক মাঠে যাওয়ার সময় দেখতে পান নির্জন সড়কের পাশে কয়েকটি শিয়াল গোলমাল করছে এবং কিছু একটা টেনে বের করার চেষ্টা করছে। তিনি কাছে এগোতেই শিয়ালগুলো পালিয়ে যায়। তখন তিনি ঘাস ও খড় দিয়ে ঢাকা একটি মরদেহের অংশবিশেষ দেখতে পেয়ে চিৎকার দেন। তাঁর চিৎকারে মাঠের অন্য কর্মীরা ছুটে আসেন এবং পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। কাছে গিয়ে সানাউল্লাহ দেখেন, ঘাস ও খড় দিয়ে ঢেকে রাখা হয়েছে অজ্ঞাতনামা তরুণের মরদেহ।
ঘটনার খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা সেখানে ছুটে যান। মরদেহের পাশে পড়ে থাকা স্যান্ডেল, হাতের ঘড়ি ও পোশাক দেখে তাঁরা নিশ্চিত হন যে এটিই নিখোঁজ রাজা হোসেন। লাশের পরিচয় এবং মৃত্যুর রহস্য উদঘাটনে সহায়তার জন্য ঝিনাইদহ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি ক্রাইমসিন টিম ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানিয়েছেন, উদ্ধার হওয়া দেহটি আনুমানিক দুই দিনের পুরোনো হওয়ায় পচন ধরেছে এবং মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের নাম প্রকাশ করেনি পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.