
কাতারে প্রবাসী বাংলাদেশিদের কাছে পরিচিত খাবার প্রতিষ্ঠান ‘ঘরোয়া রেস্টুরেন্ট’-এর পরিবেশিত খাবারের মান নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন কয়েকজন গ্রাহক। ফেসবুকে রেস্তোরাঁটির ছবিসহ বিভিন্ন মন্তব্য ও সমালোচনা ছড়িয়ে পড়ার পর আনুষ্ঠানিকভাবে নিজেদের বক্তব্য তুলে ধরেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
বাণিজ্যিক ক্ষেত্রে বর্তমান কাতারজুড়ে চলা কঠিন পরিস্থিতির কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, যেকোনো সেবামূলক প্রতিষ্ঠানের ভালো-মন্দ নিয়ে আলোচনা কিংবা সমালোচনা হতেই পারে। গ্রাহকদের কাছ থেকে আসা সুনির্দিষ্ট পরামর্শ ও গঠনমূলক সমালোচনাকে ঘরোয়া রেস্টুরেন্ট সব সময় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং নিজেদের ত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা চালায়। বর্তমান সময়ে কাতারের ব্যবসা-বাণিজ্য নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। একবার কি ভেবে দেখেছেন, কেউ কি নিজের প্রতিষ্ঠানের ক্ষতি চায়।
তবে সরাসরি রেস্তোরাঁ কর্তৃপক্ষকে কিছু না জানিয়ে হুট করে সামাজিক মাধ্যমে ছবি ও মন্তব্য পোস্ট করে প্রতিষ্ঠানের সম্মানহানি করার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কর্তৃপক্ষের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে বিষয়গুলো প্রচার করা হচ্ছে, তাতে কোনো সমাধানের চেয়ে ব্যবসার ক্ষতির ঝুঁকিই বেশি তৈরি হচ্ছে।
বিবৃতিতে গ্রাহকদের উদ্দেশ্যে অনুরোধ জানিয়ে বলা হয়, কোনো ক্ষোভ বা অভিযোগ থাকলে তা প্রথমে সরাসরি রেস্তোরাঁকে জানানো উচিত। কর্তৃপক্ষ বিষয়টির সন্তোষজনক ব্যাখ্যা কিংবা সমাধান দিতে ব্যর্থ হলেই কেবল গ্রাহকরা তাদের বিবেচনায় পরবর্তী যেকোনো পদক্ষেপ নিতে পারেন। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে একতরফা মন্তব্যের বদলে সত্যতা যাচাই ও উভয় পক্ষের কথা শোনার আহ্বান জানান তারা। আমরা যদি আপনাদের অভিযোগের সন্তোষজনক উত্তর দিতে না পারি কিংবা সমস্যার যথাযথ সমাধান করতে ব্যর্থ হই, তখন আপনারা অবশ্যই আপনাদের বিবেচনায় পরবর্তী পদক্ষেপ নিতে পারেন। বাংলাদেশি ভাই হিসেবে আমরা আপনাদের কাছ থেকে নিশ্চয়ই এতটুকু সহযোগিতা ও সহমর্মিতা প্রত্যাশা করি।
গত আট বছর ধরে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান, পরিশ্রম ও ভালোবাসায় ভর করে প্রতিষ্ঠানটি টিকে রয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ভুলবশত কোনো সমস্যা হলে তা সংশোধনের সুযোগ দেওয়া প্রয়োজন। কারণ একটি প্রতিষ্ঠানের সঙ্গে শুধু মালিক পক্ষই নয়, বরং বহু শ্রমিকের জীবিকা ও পরিবারের ভবিষ্যৎ জড়িয়ে থাকে। নিশ্চয়ই এর পেছনে রয়েছে অনেক মানুষের পরিশ্রম, ত্যাগ, স্বপ্ন, কর্মসংস্থান এবং আপনাদেরই ভালোবাসা ও সহযোগিতা।
ঘরোয়া রেস্টুরেন্ট কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে তারা কোনো গঠনমূলক সমালোচনাকে ভয় পায় না, তবে তা যেন পারস্পরিক সম্মান ও সত্যতার ভিত্তিতে হয়। প্রতিপক্ষ না হয়ে একে অপরের সহযোগী হয়ে সংশোধনের পথ দেখানোর জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়।
সবশেষে কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আস্থা, ভালোবাসা ও গঠনমূলক সহযোগিতাকে সম্বল করে সামনের দিনে আরও উন্নত সেবা দেওয়ার আশা প্রকাশ করেছে ঘরোয়া রেস্টুরেন্ট।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.