
গাজীপুরের ডেগির চালা এলাকায় অবস্থিত একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টা ৪৪ মিনিটে ফকির মার্কেটের মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার মাত্র এক মিনিটের মাথায় অর্থাৎ ২টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। বিকেল ৩টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট কাজ করছে। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। আগুন নিয়ন্ত্রণে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি, কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে।





