
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গোপালপুর গ্রামে পুকুরে ডুবে সাইফা খানম নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিবেশী মুরাদ খান জানান, ঘটনার সময় শিশুটি বাড়ির উঠানে তার মায়ের সঙ্গে ছিল। এ সময় সাইফার বাবা ফাহিম খানের ফোন এলে মা ঘরে গিয়ে কথা বলতে যান। কিছুক্ষণ পর বাইরে এসে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়।
পরিবারের সদস্যরা দ্রুত সাইফাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে শোকাতুর স্বজনরা।





