
বঙ্গোপসাগরে পুঞ্জীভূত হওয়া অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে ধাবিত হচ্ছে। ঘূর্ণিঝড়টির সরাসরি প্রভাবে বাংলাদেশে বড় ধরনের কোনো ধ্বংসাত্মক পরিস্থিতির আশঙ্কা না থাকলেও আগামী তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টিপাত ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বুধবার থেকে তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক মঙ্গলবার (২৭ অক্টোবর) জানান, বুধবার (২৮ অক্টোবর) দুপুরের মধ্যে ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। ইতিমধ্যে এর প্রভাবে চট্টগ্রামের মিরসরাইসহ কয়েকটি উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়েছে। দেশের একাধিক স্থানে সম্প্রতি উচ্চ তাপমাত্রা বিরাজ করলেও আগামী তিন দিন থেমে থেমে বৃষ্টির কারণে তা কমে আসতে পারে। তবে এই বৃষ্টিপাতের পরপরই দেশে পুরোদমে শীত নেমে আসবে না; বরং নভেম্বরের শেষভাগে গিয়ে শীতের তীব্রতা বা অনুভূতি বৃদ্ধি পেতে পারে। বর্তমানে কার্তিক মাস চলায় শেষরাত থেকে ভোর পর্যন্ত হালকা কুয়াশা ও মৃদু শীতের আমেজ দেখা যাওয়া স্বাভাবিক বিষয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) ঘূর্ণিঝড়টির গতিপথ ও বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।
আবহাওয়া দপ্তরের বিশেষ বিজ্ঞপ্তির ১২ নম্বর বুলেটিনের তথ্য অনুযায়ী, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় অর্ণব আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই অঞ্চলে অবস্থান করছে। মঙ্গলবার দুপুর ১২টার হিসাবে ঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৩০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৯৫ কিলোমিটার, মোংলা থেকে ৯৬৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
বুলেটিনে জানানো হয়, অতি প্রবল এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থলের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকৃতিতে ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সমুদ্র চরম উত্তাল রয়েছে।
বিদ্যমান পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বজায় রাখতে বলা হয়েছে। একই সাথে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সাথে চলাচলের নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.