
চট্টগ্রামের বাকলিয়া এলাকায় চুরির চেষ্টার অভিযোগে মো. ইমন (২১) নামের এক যুবককে হাত বেঁধে বেধড়ক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার গভীর রাত আড়াইটার দিকে এই নির্যাতনের ঘটনা ঘটে। পরে বুধবার দুপুর ১২টার দিকে কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর সড়কের ৫ নম্বর ব্রিজের নিচ থেকে ইমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরপরই নিহতের ফুফু রেহানা বেগম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। চট্টগ্রাম নগরের বাকলিয়ায় চুরির চেষ্টার অভিযোগে মো. ইমন (২১) নামের এক তরুণকে আটক করে মারধর করা হয়। এতে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম জানান, একটি পান-সিগারেটের দোকানে চুরির চেষ্টার অভিযোগে ইমনকে আটকে রাখা হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, গভীর রাতে কয়েক ব্যক্তি ইমনের হাত পেছনে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে। তাদের মধ্যে দুজনের পরনে নিরাপত্তাকর্মীর পোশাক ও হাতে লাঠি ছিল। অন্য একটি ছবিতে দেখা যায়, মাটিতে ফেলে ইমনকে লাঠি দিয়ে পেটানো হচ্ছে এবং পাশে আরও পাঁচজন দাঁড়িয়ে আছেন।
অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুর রহমান জিসান (২১), ইয়াছিন আরাফাত (২৩), মো. হাসান (৩৩) ও মো. মিজানুর রহমান (২৭)। সবাই বাকলিয়া এলাকার বাসিন্দা। ওসি আরও জানান, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়ার পাশাপাশি ইমনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।





