২৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

Published: October 9, 2026, 2:53 pm

চট্টগ্রাম নগরের পতেঙ্গা বিমানবন্দর সড়কে শুক্রবার দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিশেষ ট্র্যাকটির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, বিশ্বের অন্যান্য উন্নত শহরের মতো বাংলাদেশেও সাইকেল চালকদের জন্য আলাদা সুযোগ-সুবিধা তৈরি করা সরকারের অন্যতম দায়িত্ব। এটি কেবল শুরু, পর্যায়ক্রমে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় যাতায়াত, বিনোদন ও ব্যায়ামের সুবিধার্থে আরও সাইকেল ট্র্যাক নির্মাণ করা হবে। তিনি বলেন, ‘যারা বাংলাদেশে সাইকেল চালায়, সাইকেল চালাতে ভালোবাসে, তাদের জন্য কিছু জায়গা তো করে দিতে হবে। প্রতিটি গোষ্ঠীর জন্য আমাদের একটা দায়িত্ব আছে।’। অনেকে সাইকেলে করে অফিসে যাতায়াত করেন। কিন্তু সাইকেল চালানোর জন্য রাস্তায় আলাদা জায়গা থাকতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, অতীতে নগরবাসীর প্রয়োজনীয় এসব চাহিদাকে গুরুত্ব দেওয়া হয়নি, তবে বর্তমান সরকার নাগরিকদের সুবিধা নিশ্চিতে কাজ করছে। তিনি অনুষ্ঠানে উপস্থিত তিন সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকায় সাইকেল ও হাঁটার পথ তৈরির উদ্যোগ নিতে আহ্বান জানান এবং এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এছাড়া, খালের দুই পাশে হাঁটার পথ তৈরির জন্য সিটি মেয়রকে অনুরোধ জানিয়েছেন তিনি। এখন সরকার একে একে নাগরিকদের চাহিদা পূরণের চেষ্টা করছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন বলেন, এটি শুধু একটি সাইকেল চলাচলের পথ নয়, বরং পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত জীবনযাত্রার একটি প্রতীক। ‘চট্টগ্রাম এয়ারপোর্ট রোড সম্প্রসারণ ও অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ এই চার লেনের সড়কটি তৈরি করা হয়েছে। সড়কের দুই পাশে ফুটপাত, মিড আইল্যান্ড এবং এক পাশে ল্যান্ডস্কেপিং ওয়াকওয়ের পাশাপাশি এই আধুনিক সাইকেল ট্র্যাকটি নির্মাণ করা হয়েছে। পাশাপাশি যাঁরা জায়গার অভাবে হাঁটতে পারেন না, তাঁদের জন্যও হাঁটার পথ তৈরি করতে হবে।

মেয়র আরও উল্লেখ করেন, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা গেলে তরুণ প্রজন্মের মধ্যে সাইকেল ব্যবহারের আগ্রহ বাড়বে, যা নগরীর যানজট ও পরিবেশ দূষণ কমাতে সহায়তা করবে। ভবিষ্যতে চট্টগ্রামকে একটি পূর্ণাঙ্গ সাইকেলবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হবে। উদ্বোধনের পরপরই অর্থমন্ত্রী ও সিটি মেয়র ট্র্যাকে সাইকেল চালিয়ে অভিজ্ঞতা নেন।