
চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের ঘটনার জেরে কনটেইনার ডেলিভারি ও পণ্য পরিবহন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন ট্রাক, প্রাইম মুভার ও ট্রেইলার শ্রমিকেরা। সোমবার বেলা ৩টার পর থেকে বন্দরের বিভিন্ন গেট দিয়ে কনটেইনারবাহী ট্রেইলার ও কাভার্ড ভ্যানের চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বন্দরের অভ্যন্তরে পণ্য পরিবহনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
প্রাইম মুভার্স শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের জানান, গেট পাস ইস্যু করার নির্ধারিত ফি ৫৭ টাকা হলেও বর্তমানে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। বাড়তি এই অর্থ আদায়ের প্রতিবাদ জানানোয় ট্রেইলার শ্রমিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোকতার হোসেনকে মারধর করা হয়েছে বলে শ্রমিকদের অভিযোগ। এই ঘটনার পর শ্রমিকেরা চার নম্বর গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
আবুল খায়ের আরও জানান, বিষয়টি বন্দর কর্তৃপক্ষকে জানানো হলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমাধানের আশ্বাস দিয়েছিলেন। তবে শ্রমিকদের অভিযোগ, পরে আরেকটি পক্ষ তাদের দিকে তেড়ে এলে নিরাপত্তার স্বার্থে তারা পণ্য পরিবহন বন্ধ রাখতে বাধ্য হন। রাত সাড়ে ৯টা পর্যন্ত বন্দরের সামগ্রিক কনটেইনার ডেলিভারি কার্যক্রম স্বাভাবিক হয়নি।
চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতিদিন গড়ে অন্তত পাঁচ হাজার একক কনটেইনার ডেলিভারি হয়ে থাকে। দীর্ঘসময় পরিবহন কার্যক্রম বন্ধ থাকায় আমদানি পণ্য খালাস ও কনটেইনার সরবরাহে মারাত্মক বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়ের হামিমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.