
চুয়াডাঙ্গার পৌর এলাকার কলেজপাড়ায় শনিবার সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় গোলাম কিবরিয়া (৫৫) নামে পানি উন্নয়ন বোর্ডের এক কর্মচারী প্রাণ হারিয়েছেন। সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসায় গ্রাইন্ডিং মেশিনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। নিহত গোলাম কিবরিয়া মৃত কায়েম আলী মণ্ডলের ছেলে এবং পানি উন্নয়ন বোর্ডে বেয়ারা পদে কর্মরত ছিলেন। তার আদি নিবাস পৌর এলাকার ইসলামপাড়ার মুচিপাড়ায়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে পরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। গোলাম কিবরিয়ার মৃত্যুতে তার স্ত্রী ও তিন সন্তান (এক ছেলে ও দুই মেয়ে) শোকে মুহ্যমান হয়ে পড়েছেন। বিশেষ করে, শনিবারই পরিবারের নতুন ভবনে ওঠার কথা ছিল, যার আগেই এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু পরিবারটিতে শোকের ছায়া ফেলেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমেল রহমান। তিনি জানান, নিজ বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই কর্মচারী মারা যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যাপার থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।





