
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান সর্বাত্মক শাটডাউন ও কর্মবিরতির মধ্যেই প্রশাসনিক ভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। সোমবার সকাল পৌনে ৯টার দিকে তিনি প্রশাসনিক ভবন-২ এ প্রবেশ করেন। তালা ভেঙে ভেতরে প্রবেশের পর তাকে একটি চেয়ারে বসানো হয় এবং উপস্থিত কয়েকজনকে তার সঙ্গে মুঠোফোনে ছবি তুলতেও দেখা যায়। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েটে গত ২০ দিন ধরে আন্দোলন চলছে। শিক্ষার্থীদের সর্বাত্মক শাটডাউনের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পদ থেকে অপসারণ করে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়। মাত্র ৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনের এই সিদ্ধান্তের প্রতিবাদে ওই রাতেই শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। পরদিন ২২ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি শুরু হয়। এরপর ২৪ সেপ্টেম্বর নতুন উপাচার্য অনলাইনে যোগদান করেন। তবে আন্দোলনের তীব্রতার কারণে এতদিন তিনি সশরীরে ক্যাম্পাসে উপস্থিত হতে পারেননি। গত ১০ অক্টোবর অধ্যাপক ড. মো. আরাফাত রহমানকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়। রোববারও উপাচার্য ভবনের সামনে শিক্ষক ও শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। একই দিন প্রশাসনিক ভবন-২ এর সামনে বিক্ষোভ শেষে স্টাফ অ্যাসোসিয়েশন আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছে। আন্দোলনকারীদের প্রধান দাবি হলো, অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে দ্রুত উপাচার্য পদে পুনর্বহাল করতে হবে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি থমথমে রয়েছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.