
ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনার কাজকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে চ্যাটজিপিটির ফিন্যান্স টুলে নতুন ভয়েস বা কণ্ঠস্বরভিত্তিক সুবিধা যুক্ত করেছে ওপেনএআই। এখন থেকে ব্যবহারকারীরা টাইপ করার ঝামেলা ছাড়াই কথা বলে নিজেদের আয়, ব্যয়, লেনদেন এবং জমানো অর্থের খবরাখবর জানতে পারবেন। চ্যাটবট যখন কোনো উত্তর দেবে, সেই সময় মাঝপথে কথা বলে নতুন কোনো প্রশ্ন করার সুযোগও থাকছে। ফলে এআই চ্যাটবটের সঙ্গে কথোপকথন অনেকটা স্বাভাবিক মানুষের সঙ্গে কথা বলার মতোই সাবলীল হবে।
ওপেনএআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভয়েস সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা মানুষের মতো করেই তাদের আর্থিক অবস্থার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন। বর্তমানে আর্থিক পরিস্থিতি কেমন, কোন খাতে কত টাকা খরচ হচ্ছে কিংবা সঞ্চয়ের বর্তমান অবস্থা কী—এই ধরনের প্রশ্নের উত্তর পেতে এখন আর লিখিত নির্দেশনার প্রয়োজন হবে না। তবে এই ফিচারটি ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীদের নিজেদের ব্যক্তিগত আর্থিক হিসাব চ্যাটজিপিটি ফিন্যান্সের সঙ্গে যুক্ত করতে হবে। আপাতত এই সুবিধাটি কেবল যুক্তরাষ্ট্রে বসবাসকারী ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন।
উল্লেখ্য যে, চ্যাটজিপিটি ফিন্যান্স টুলটি শুরুতে শুধুমাত্র চ্যাটজিপিটি প্রো সংস্করণের গ্রাহকদের জন্য উন্মুক্ত ছিল। পরবর্তীতে এর জনপ্রিয়তা ও কার্যকারিতা বিবেচনায় নিয়ে নির্বাচিত কিছু দেশের ফ্রি এবং গো সংস্করণের ব্যবহারকারীদের জন্যও এই টুলটি উন্মুক্ত করা হয়। বর্তমানে এটি আরও উন্নত করার লক্ষ্যে ভয়েস সুবিধার মতো আধুনিক ফিচারগুলো যোগ করা হচ্ছে।
তবে ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তার খাতিরে এআই চ্যাটবট ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। এর আগে চ্যাটজিপিটিসহ বিভিন্ন এআই চ্যাটবটকে সাত ধরনের ব্যক্তিগত তথ্য না দেওয়ার বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে, যা ব্যবহারকারীদের আর্থিক গোপনীয়তা রক্ষায় সহায়তা করতে পারে। চ্যাটজিপিটিসহ অন্য এআই চ্যাটবটকে যে ৭ তথ্য দেওয়া যাবে না।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.