
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের (ওপিজিএ) ওয়েবসাইটে সম্প্রতি প্রকাশিত কর্মকর্তাদের তালিকায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মোট ৪০ সদস্যের এই আন্তর্জাতিক কার্যালয়ে জাইমা রহমানসহ ছয়জন বাংলাদেশি স্থান পেয়েছেন, যেখানে তাকে ‘লিগ্যাল অফিসার—বাংলাদেশ’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি সভাপতির কার্যালয়ের এক্সিকিউটিভ অফিসে নিজের প্রশাসনিক ও আইনি দায়িত্ব পালন করবেন।
প্রকাশিত তথ্যে জানা যায়, ব্যারিস্টার জাইমা রহমান যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন ও রাজনীতি বিষয়ে উচ্চশিক্ষা ও স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। এরপর তিনি ইংল্যান্ড ও ওয়েলসে ব্যারিস্টারি অনুশীলনের চূড়ান্ত পেশাগত যোগ্যতা লাভ করেন। বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্ব করছেন ড. খলিলুর রহমান। তার দফতরে যে ছয়জন বাংলাদেশি কর্মকর্তা নিয়োগ পেয়েছেন, তারা সবাই নিজ নিজ ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন।
সভাপতি ড. খলিলের কার্যালয়ে বাংলাদেশি কর্মকর্তাদের মধ্যে জ্যেষ্ঠতম পদে আছেন মো. আবদুল আলিম, যিনি ডেপুটি শেফ দ্য কেবিনেট হিসেবে দায়িত্ব পালন করছেন। পররাষ্ট্র ক্যাডারের এই অভিজ্ঞ কর্মকর্তা ২০১০ সাল থেকে জাতিসংঘে কর্মরত রয়েছেন। এর আগে তিনি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও নিউইয়র্কে স্থায়ী মিশনে কাজের পাশাপাশি স্বল্পোন্নত দেশ, জলবায়ু পরিবর্তন এবং উন্নয়ন অর্থায়ন সংক্রান্ত বিভিন্ন কূটনৈতিক নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
অ্যাডভাইজার ও অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে দায়িত্ব পেয়েছেন মোয়াজ্জেম হোসেন। তিনি কায়রোতে বাংলাদেশি মিশনে দীর্ঘ ১৫ বছরের বেশি সময় দায়িত্ব পালনের পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় ও নিউইয়র্কের স্থায়ী মিশনে কাজ করেছেন। নিউইয়র্কে অবস্থানকালে তিনি তথ্যপ্রযুক্তি, নির্বাচন, প্রটোকল, প্রশাসনিক বিষয়াবলী ও নানা কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রে অবদান রাখেন।
একই কার্যালয়ের হিউম্যান রাইটস অ্যান্ড হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স টিমে সিনিয়র অ্যাডভাইজার করা হয়েছে মাফিজুল ইসলাম ও জাকির আহমেদকে। জাতিসংঘে প্রায় ১২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন মাফিজুল ইসলাম মানবাধিকার পর্যবেক্ষণ, ঝুঁকি নিরসন, অপতথ্য বিশ্লেষণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত কাজে দক্ষ। অন্যদিকে, পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা জাকির আহমেদ নয়াদিল্লি হাইকমিশন, নিউইয়র্ক মিশন এবং মিয়ানমারে বাংলাদেশ কনস্যুলেটে মিশনপ্রধান হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কার্যালয়ে পরিচালক এবং পররাষ্ট্রমন্ত্রীর স্টাফ অফিসার পদেও নিয়োজিত ছিলেন।
এ ছাড়া স্পেশাল নিডস টিমে সিনিয়র অ্যাডভাইজার পদে দায়িত্ব পেয়েছেন মো. রফিকুল আলম মোল্লা। তিনি নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে কাউন্সেলর হিসেবে কর্মরত ছিলেন এবং ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয় প্রস্তুতের ক্ষেত্রে সরাসরি ভূমিকা রাখেন। সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক সংস্থা সংস্কার ইস্যুতে তার বিশেষ বিশেষজ্ঞতা রয়েছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.