১১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জানাজার নামাজে ব্যস্থ মালিক, সুযোগবুঝে মোটর সাইকেল নিয়ে গেল চোর

Kongsotime

Published: September 26, 2026, 1:47 pm

নিজের মোটরসাইকেল একপাশে রেখে বীর মুক্তিযোদ্ধার নামাজে জানাজায় ব্যস্থ ছিলেন শামসুল হক চ্যাম্পিয়ন (৩৮) নামের এক ব্যক্তি। সেই মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় একই জানাজায় অংশ নিতে আসা ছদ্ধবেশী চোরচক্র।  তবে, ঘটনার মাত্র ২৪ঘন্টার ব্যবধানে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানাধীন দরগাহ রোডের জনৈক আব্দুল লতিফের চায়ের দোকানের নিকট থেকে মোটর সাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।

এই ঘটনায় মাজহারুল ইসলাম জয় (২৬) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা এলাকার তেলুয়ারী মুন্সিপাড়া গ্রামের মোঃ সবুজ মিয়ার ছেলে। এই ঘটনায় মদন থানায় মামলা হয়েছে।

নেত্রকোণার মদন উপজেলার ঘটনা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম কর্তৃক প্রচারিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

পুলিশ ও মামলার এজাহারসূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নেত্রকোণার মদন থানার তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আল আক্কাসের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নিতে গিয়েছিলেন একই থানার চকপাড়া (চানগাঁও শাহপুর) গ্রামের আব্দুস সুবহানের ছেলে শামসুল হক চ্যাম্পিয়ন। তিনি তার ব্যবহৃত কালো ও নীল রঙের ১৫০ সিসি মোটরসাইকেলটি মরহুমের বাড়ির সামনে কবরস্থানের পাশে রেখে জানাজায় দাঁড়ান। বেলা সাড়ে ১১টার দিকে ফিরে এসে দেখেন তার এক লাখ ষাট হাজার টাকা মূল্যের মোটরসাইকেলটি সেখানে নেই। পরে ২৩ সেপ্টেম্বর মদন থানায় মামলা করেন ভূক্তভোগী।

মামলার পরপরই চোর ধরতে তৎপর হয় মদন থানা পুলিশের একটি দল। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ও অন্যান্য ভিডিও ফুটেজ নিবিড়ভাবে পর্যালোচনার মাধ্যমে চোরকে শনাক্ত করতে সক্ষম হয় তারা।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। সেখান থেকে তেলুয়ারী মুন্সিপাড়ার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় মাজহারুল ইসলাম জয়কে। তার দেওয়া তথ্যমতে নেত্রকোণা জেলার কেন্দুয়া থানাধীন দরগাহ রোডের জনৈক আব্দুল লতিফের চায়ের দোকানের নিকট থেকে মোটর সাইকেলটি উদ্ধার করা হয়।


অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে। মোটরসাইকেল চুরির ঘটনার সাথে আরও কোনো চক্র জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার ঘটনায় জড়িত অপরাপর আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।