১১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

টিকটকের জন্য পুকুরে ঝাঁপ

Published: September 26, 2026, 1:10 pm

ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও তৈরির প্রলোভন দেখিয়ে এক শিশুকে পুকুরে ঝাঁপ দিতে বাধ্য করার মামলায় অভিযুক্ত আবদুল হাকিম (২৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর এলাকায় ফেরার খবর পেয়ে ভোরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত হাকিম ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের পাতিলগাঁও গ্রামের বাসিন্দা। ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও বানানোর সময় পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিতে গিয়ে সৌরভ ক্ষত্রিয় (৭) নামের এক শিশুর মৃত্যুর ঘটনায় করা মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে গত বছরের ২৯ মার্চ। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, আবদুল হাকিম ১০ টাকার বিনিময়ে সাত বছর বয়সী শিশু সৌরভ ক্ষত্রিয়কে একটি পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিতে প্রলুব্ধ করেন। কথামতো শিশুটি পুকুরে ঝাঁপ দিলে তার পায়ে লোহার তারকাঁটা ঢুকে গুরুতর জখম হয়। অভিযোগ রয়েছে, ঘটনার পর হাকিম শিশুটিকে এই আঘাতের বিষয়টি গোপন রাখতে চাপ দেন।

আঘাতের কারণে সৌরভ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ এপ্রিল বিকেলে শিশুটি মারা যায়। ঘটনার পরদিন শিশুটির মা রানু ক্ষত্রিয় বাদী হয়ে ফুলপুর থানায় আবদুল হাকিমকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই আসামি আত্মগোপনে চলে যান। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, দীর্ঘ এক বছর পাঁচ মাস পর আসামি নিজ এলাকায় আসার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।