৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিং ও খুতবায় প্রচারের নির্দেশ প্রধানমন্ত্রীর

Published: October 13, 2026, 3:19 pm

ডেঙ্গু পরিস্থিতির লাগাম টানতে দেশব্যাপী জনসচেতনতা তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় তিনি সংশ্লিষ্টদের পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় এ বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আগামী কয়েক মাস ডেঙ্গু নিয়ন্ত্রণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে ডেঙ্গুর বিস্তার রোধে সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি। বিশেষ করে যে এলাকাগুলোতে ডেঙ্গু সংক্রমণের হার বেশি, সেখানে প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন সরকার প্রধান।

হাসান শিপলু জানান, ডেঙ্গু প্রতিরোধে সাধারণ জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষভাবে জোর দিয়েছেন। এই লক্ষ্য অর্জনে পাড়া-মহল্লায় নিয়মিত মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানোর পাশাপাশি জুমার নামাজের খুতবায় ডেঙ্গু থেকে বাঁচতে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে মুসল্লিদের সচেতন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সরকারি আবাসিক কোয়ার্টার ও হাসপাতাল প্রাঙ্গণ সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়েও সভায় সুনির্দিষ্ট সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমকে সফল ও কার্যকর করতে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ওই সভায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।