
বাংলাদেশের জনমিতিক লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের পূর্ণ সম্ভাবনা কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি মনে করেন, সঠিক নীতি ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে এই সুবিধা গ্রহণ করা গেলে বাংলাদেশ কেবল নিজের সমৃদ্ধিই নিশ্চিত করবে না, বরং বিশ্বের সামগ্রিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশ-এর ডেপুটি রিপ্রেজেন্টেটিভ গ্যারিক হায়রাপেতিয়ান এবং চিফ ডেমোগ্রাফিক ডেটা অ্যান্ড ইন্টেলিজেন্স এম শহিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। জহির উদ্দিন বলেন, জনসংখ্যা এমন একটি খাত, যার প্রভাব বহু বছর পরে অনুভূত হয়।
সাক্ষাৎকালে জহির উদ্দিন স্বপন আসন্ন যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ সংসদ সচিবালয়ের পক্ষে নিজের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরেন। তিনি ইউএনএফপিএ প্রতিনিধিদলের কাছে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন। জহির উদ্দিন জানান, তিনি যুক্তরাষ্ট্র সফরে এই বিষয়গুলোতে সংস্থাটির সহযোগিতার আহ্বান জানাবেন। ভবিষ্যতে বাংলাদেশের এসব উন্নয়ন ও দক্ষতাবৃদ্ধিমূলক কার্যক্রমে জাতিসংঘ জনসংখ্যা তহবিল আরও সক্রিয় ভূমিকা পালন করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
জনসংখ্যাকে দীর্ঘমেয়াদী প্রভাববিস্তারী খাত হিসেবে উল্লেখ করে জহির উদ্দিন বলেন, বর্তমান পরিস্থিতির দূরদর্শী পাঠ ও রূপান্তর বোঝার সক্ষমতাই একটি সমৃদ্ধ ভবিষ্যতের প্রধান নিয়ামক। তিনি আরও বলেন, বাংলাদেশের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বৈশ্বিক জনসংখ্যার বৈচিত্র্যময় আলোচনাকে সমৃদ্ধ করার পাশাপাশি নতুন উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে। এ সময় তিনি বিশেষ করে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গটি টেনে আনেন। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অভিজ্ঞতা ও সংকট মোকাবিলার দক্ষতা ভবিষ্যতের যেকোনো বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার মতো সক্ষমতা অর্জন করেছে।
বৈঠকটিতে বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা কীভাবে সর্বোচ্চ পর্যায়ে কাজে লাগানো যায় এবং সে লক্ষ্যে সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তাদের প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পুরো বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশকে একটি অনন্য মডেল হিসেবে উপস্থাপন করার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.