১৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশজুড়ে ৬৮ জন এসিল্যান্ডকে প্রত্যাহার, নতুন কর্মস্থলে বদলি

Published: September 29, 2026, 5:53 pm

দেশের মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল আনা হয়েছে। বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী কমিশনারকে (এসিল্যান্ড) তাদের বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়।

মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে প্রকাশিত এই আদেশে জানানো হয়, প্রত্যাহার করা এই কর্মকর্তাদের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে তাৎক্ষণিকভাবে তাদের বদলির বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহারপূর্বক পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হলো। এর মধ্যে বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও রংপুর বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয় রয়েছে। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থলে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিসকে প্রজ্ঞাপনটি গেজেটের পরবর্তী সংখ্যায় প্রকাশের জন্য অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং গভর্নমেন্ট এমপ্লয়িজ ম্যানেজমেন্ট সিস্টেমে (এঊগঝ) হালনাগাদের জন্যও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনের মাঠপর্যায়ে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা সাধারণত ভূমি ব্যবস্থাপনা, ভূমি রাজস্ব, নামজারি, ভূমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি এবং সরকারের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

প্রশাসনিক এই পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে কার্যকর করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, ভূমি মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখাগুলোতে পাঠানো হয়েছে। এছাড়া বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটদের কাছেও এর কপি পৌঁছে দেওয়া হয়েছে যাতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন। জনস্বার্থে এবং প্রশাসনিক কাজের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।