
কাতারের দোহায় অবস্থিত বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজে আগামী ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে বিজ্ঞান মেলা ও চারু-কারুকলা প্রদর্শনী। বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৯টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত এ আয়োজন চলবে। এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান। এছাড়া কাতারস্থ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং বিশিষ্ট শিক্ষাবিদদের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।
শিক্ষার্থীদের সৃজনশীলতা, কল্পনাশক্তি, বৈজ্ঞানিক চিন্তাভাবনা ও উদ্ভাবনী দক্ষতাকে তুলে ধরতে এই মেলার আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে প্রভাতী শাখার কেজি-১ থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের তৈরি ৩০৮টি চারু ও কারুকলার কাজ প্রদর্শন করা হবে। এর পাশাপাশি পঞ্চম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের তৈরি ১৯৫টি বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করবে। এসব প্রকল্পে বিজ্ঞান, উদ্ভাবন ও ব্যবহারিক শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ও দক্ষতার প্রতিফলন ঘটবে।
একই সাথে দিবা শাখার প্রাথমিক বিভাগের শিক্ষার্থীদের তৈরি প্রায় ১৫০টি এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের তৈরি প্রায় ৭৫টি সৃজনশীল কাজও এই প্রদর্শনীতে স্থান পাবে। দুই শাখার শিক্ষার্থীদের শিল্পসৃজন, বৈজ্ঞানিক চিন্তা ও উদ্ভাবনী প্রতিভার এক অপূর্ব সম্মিলিত প্রকাশ ঘটবে এই যৌথ আয়োজনে। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানকে বাস্তব প্রয়োগের সঙ্গে যুক্ত করা এবং নিজেদের কাজ প্রদর্শনের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যেই বিদ্যালয়টি এ উদ্যোগ নিয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বৈজ্ঞানিক মনন বিকাশের এই অনুষ্ঠানটিকে সফল করতে সকল অতিথি, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে ক্ষুদে শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.