২০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

Published: September 30, 2026, 11:28 pm

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা এখন থেকে নতুন পে-স্কেলেই বেতন-ভাতা পাবেন। এর জন্য আলাদা করে কোনো প্রজ্ঞাপন জারির প্রয়োজন নেই। বুধবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) আয়োজিত একটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এ কথা জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নায়েম মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক।

শিক্ষা সচিব জানান, সরকারি চাকরিজীবীদের জন্য যে গেজেট প্রকাশ করা হয়েছে, সেটিই এমপিওভুক্ত শিক্ষক ও অন্যান্যদের ক্ষেত্রে কার্যকর হবে। বিদ্যমান প্রজ্ঞাপনের মাধ্যমেই তারা নতুন বেতন কাঠামো অনুযায়ী প্রাপ্য সুবিধা পাবেন।

শিক্ষক-কর্মচারীদের অন্যান্য সমস্যার বিষয়ে সচিব বলেন, অবসরের পর ভাতার টাকা পেতে আগে বছরের পর বছর ঘুরতে হতো, যা ছিল অত্যন্ত ভোগান্তির। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এই জটিলতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি, জাতীয়করণকৃত কলেজের শিক্ষকদের চাকরি স্থায়ী করার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে। তিনি আরও জানান, সরকারি হওয়া কলেজের শিক্ষকদের বদলি ব্যবস্থা চালু করার বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে।