৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

না ফেরার দেশে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর

Published: October 24, 2026, 6:59 pm

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তাঁর প্রয়াণে সাংবাদিক অঙ্গন ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

মুহম্মদ শফিকুর রহমান কর্মজীবনে সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ মেয়াদে পরপর দুইবার জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনীতিতেও তিনি ছিলেন সমান সক্রিয়। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তীতে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে দ্বিতীয়বারের মতো জয়ী হয়ে সংসদে ফরিদগঞ্জের প্রতিনিধিত্ব করেন। ২০১৯ সালের ৩ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৬ আগস্ট পর্যন্ত তিনি সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৪৯ সালের ২৫ সেপ্টেম্বর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের সম্ভ্রান্ত মিয়াজী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর শিক্ষাজীবন ছিল অত্যন্ত বর্ণাঢ্য। ১৯৬৫ সালে ফরিদগঞ্জ আলিয়া মাদরাসা থেকে কামিল (হাদিস) ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর ১৯৬৭ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে ১৯৭০ সালে স্নাতক এবং ১৯৭১ সালে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে তাঁর বীরত্বপূর্ণ ভূমিকা ও পরবর্তী বর্ণাঢ্য কর্মজীবন তাঁকে দেশজুড়ে পরিচিতি ও সম্মান এনে দিয়েছিল।