১১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্ক সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী

Published: September 26, 2026, 11:05 am

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের জন্য পাঁচ দিনের নিউইয়র্ক সফর সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে দেশে ফেরার উদ্দেশে তিনি নিউইয়র্ক ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

সফরসূচি অনুযায়ী, ফ্লাইটটি ২৬ সেপ্টেম্বর রাত ৮টায় দুবাই পৌঁছানোর কথা। সেখান থেকে রাত ২টায় ঢাকার উদ্দেশে পুনরায় রওনা হয়ে ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ অন্যান্য সফরসঙ্গীরা রয়েছেন।

নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন। এছাড়া পাঁচ দিনের এই সফরে তিনি সাধারণ পরিষদের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেন। পাশাপাশি একাধিক রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থা এবং বিভিন্ন অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও আলোচনা করেছেন তিনি।