১৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নিবন্ধিত চিকিৎসক না হয়েও দাঁতের চিকিৎসা পরিচালনার অপরাধে একব্যক্তিকে জরিমানা

Kongsotime

Published: October 2, 2026, 12:20 am

নেত্রকোণার বারহাট্টায় নিবন্ধিত চিকিৎসক না হয়েও দাঁতের চিকিৎসা পরিচালনার দায়ে ওই উপজেলার রায়পুর ইউনিয়নের ফকিরেরবাজারে আলিফ ডেন্টাল কেয়ার নামের একটি প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী মাহমুদুল হাসান শাহীনকে ২৫ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সাথে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ারও আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজেদুল ইসলাম আদালত পরিচালনা করেন।

সংশ্লিষ্টসূত্র ও স্থানীয়রা জানান, মাহমুদুল হাসান শাহীনের উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা নেই। এতদসত্বেও তিনি বছরের পর বছর ধরে বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের ফকিরের বাজারে আলিফ ডেন্টাল কেয়ার নামের একটি সু-সজ্জিত চেম্বার ও ডেন্টাল ইউনিট খুলে বিভিন্ন ভুয়া ডিগ্রী ব্যবহার করে দাঁতের চিকিৎসা দিয়ে আসছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজেদুল ইসলাম বলেন, নিবন্ধিত না হয়েও দাঁতের চিকিৎসা পরিচালনা করার অপরাধে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ওই ব্যক্তিকে ২৫ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেয়া হয়। এছাড়া চেম্বার ও কার্যক্রম পুরোপুরি বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

তিনি আরো উল্লেখ করেন, দাঁত চিকিৎসক হিসেবে পরিচয় দিতে গেলে বিডিএস ডিগ্রীর সনদ থাকতে হবে। এছাড়া বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) স্বীকৃতিপ্রাপ্ত চিকিৎসক হতে হবে। যোগ্যতা না থাকলেও তারা বছরের পর বছর ধরে বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের ফকিরের বাজারে সু-সজ্জিত চেম্বার ও ডেন্টাল ইউনিট খুলে বিভিন্ন ভুয়া ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা দিয়ে আসছিলেন।

তিনি বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।