৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ

Published: October 15, 2026, 5:35 pm

নোয়াখালীতে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের একটি সভা ও বিক্ষোভ মিছিলের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালের দিকে নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের একটি বাড়ির উঠানে এই সভা অনুষ্ঠিত হয় বলে সংগঠনটির একাধিক নেতা দাবি করেছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্বদেশ প্রত্যাবর্তন’ দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির পর একটি বিক্ষোভ মিছিলও বের করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, বাড়ির উঠানে আয়োজিত সভায় বেশ কয়েকজন বক্তব্য রাখছেন। সভা শেষে সেখানে উপস্থিত ৪০ থেকে ৫০ জন কর্মী বিক্ষোভ মিছিল করেন এবং শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। মিছিল ও সভার ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে। এতে ৪০ থেকে ৫০ জন উপস্থিত ছিলেন। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও খোঁজখবর নেওয়া শুরু করে।

এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এই কর্মসূচির ভিডিওটি পুলিশ দেখেছে। মিছিল ও সভার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে এরই মধ্যে আইনি প্রক্রিয়া ও অনুসন্ধান শুরু হয়েছে।