
ভারতের পশ্চিমবঙ্গের রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রধান হুমায়ুন কবিরকে আটক করা হয়েছে। মঙ্গলবার দলীয় কার্যালয়ে পুলিশের সঙ্গে তীব্র উত্তপ্ত বাক্যবিনিময় ও বাগ্বিতণ্ডার একপর্যায়ে পুলিশ সদস্যরা তার জামা ধরে তাকে একটি গাড়িতে তুলে নিয়ে যান। ভোটগ্রহণ শুরুর পর থেকেই প্রশাসনের ভূমিকা ও পুলিশের বিরুদ্ধে সরব ছিলেন এই নেতা।
ভোট দেওয়ার আগেই হুমায়ুন কবির অভিযোগ করেছিলেন যে, তার বাড়ি এবং ভোটকেন্দ্রের আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে নিজের ভোট দেওয়ার পরও তিনি পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। তার দাবি ছিল, সাধারণ ভোটারদের মনে ভয়ভীতি তৈরি করতেই পরিকল্পিতভাবে পুলিশ বাহিনীকে এভাবে ব্যবহার করা হচ্ছে।
এরপর কবিরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে রেজিনগরের এজেইউপি কার্যালয়ে যায় পুলিশ। সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে তার তীব্র বাগ্বিতণ্ডা শুরু হয়। এ সময় কবির পুলিশের বিরুদ্ধে সরাসরি ‘দালালি’ বা পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। একপর্যায়ে পরিস্থিতি ধস্তাধস্তিতে রূপ নিলে পুলিশ তাকে জোরপূর্বক আটক করে গাড়িতে তুলে নেয়।
উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রেজিনগর ও নওদা—উভয় আসনেই বিজয়ী হয়েছিলেন হুমায়ুন কবির। পরবর্তীতে তিনি নওদা আসনটি ধরে রাখায় রেজিনগর আসনটি শূন্য ঘোষণা করা হয়। এই উপনির্বাচনে রেজিনগর আসনে এজেইউপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার ছেলে গোলাম নবী আজাদ।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.