
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর নেতৃবৃন্দ। বুধবার গুলশানে অবস্থিত পাকিস্তান হাইকমিশনে আয়োজিত এই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র বাড়ানো এবং ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতে পারস্পরিক অংশীদারিত্ব সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে দলের একটি প্রতিনিধিদল অংশ নেয়। আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি মক্কা চুক্তিতে পাকিস্তানের অন্তর্ভুক্তির বিষয়টি। এছাড়া মেডিক্যাল ট্যুরিজম, সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত প্রতিনিধিরা।
সাক্ষাৎকালে ব্যক্তিগত পর্যায়ে সৌজন্য প্রদর্শন করেন হাইকমিশনার ইমরান হায়দার। সম্প্রতি তাঁর বাসভবনে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনার পর এবি পার্টির নেতারা তাঁর পরিবারের সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছিলেন এবং সহমর্মিতা প্রকাশ করেছিলেন। এই মানবিক উদ্যোগের জন্য হাইকমিশনার নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বাংলাদেশে দায়িত্ব পালনকালীন অভিজ্ঞতা এবং এদেশের মানুষের আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন তিনি।
বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করা হয়। ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় ব্যবসা ও শিক্ষা খাতের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সভায় পাকিস্তান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ উপস্থিত ছিলেন। এবি পার্টির প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যুবায়ের আহমেদ ভূঁইয়া, আবদুল্লাহ আল মামুন রানা এবং ব্যারিস্টার আব্বাস ইসলাম খান উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.