২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে পুলিশের ওপর নিরাপত্তা ঘটনায়, ডিএসপিসহ ১১ জনের প্রাণহানি

Published: November 11, 2026, 8:35 pm

পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে অবৈধ স্বর্ণখনির বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে পুলিশের একটি দল ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। বুধবার দেশটির কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, এই হামলায় অন্তত ১১ জন পুলিশ সদস্য নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন। রেসকিউ ১১২২-এর এক বিবৃতিতে মৃত্যুর এই সংখ্যা নিশ্চিত করা হয়েছে। কোহাট ও কারাকের মধ্যবর্তী দরবোকাচ জালান্দার বান্দা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। কোহাট পুলিশের মুখপাত্র মুহাম্মদ নওমান জেব জানিয়েছেন, অভিযান পরিচালনার জন্য পুলিশের দলটি সেখানে পৌঁছালে পাহাড়ের ওপর থেকে অতর্কিত গুলিবর্ষণ শুরু করে হামলাকারীরা। এনিয়ে রেসকিউ ১১২২-এর এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় নিহত পুলিশ সদস্যের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।

প্রাথমিক প্রাপ্ত তথ্যে জানা যায়, এই আকস্মিক গুলিবর্ষণে পুলিশের বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত পাঁচটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। হামলায় নিহতদের মধ্যে গামবাটের উপ-পুলিশ সুপার (ডিএসপি) হায়দার জামান এবং সাব-ইন্সপেক্টর মুখতিয়ারকে শনাক্ত করা হয়েছে। হামলার তীব্রতা দেখে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয় এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। হামলাকারীদের সাথে পুলিশের দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে গোলাগুলি চলে। এতে হতাহতের পাশাপাশি পুলিশের যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলা মোকাবিলায় পুলিশের বড় একটি দলও মোতায়েন করা হয়েছে।

এই ঘটনার পর পুরো এলাকায় উচ্চ সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। আহত পুলিশ সদস্যদের দ্রুত উদ্ধারের পর জেলা সদর টিচিং হাসপাতালে নেওয়া হয়েছে, যেখানে তাদের চিকিৎসায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এদিকে খাইবার-পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। একইসঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন এবং হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন।