
পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া হাটের ইজারা ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে গুলি করে দুইজনকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত পুষ্পপাড়া হাটে ইজারাদারের ব্যক্তিগত অফিসে ঢুকে এই হামলা চালায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান হাটের ইজারাদার ও সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুস সালাম (৫৭) এবং তার সহযোগী ও ভাতিজা রিপন হোসেন (৩৫)।
নিহত আব্দুস সালাম আতাইকুলা থানার পুষ্পপাড়া গ্রামের আরজ আলীর ছেলে। অন্যদিকে রিপন হোসেন একই এলাকার ইউপি সদস্য ওমেদ আলীর পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় তারা হাটের ইজারাসংক্রান্ত কাজে নিজস্ব কার্যালয়ে বসে কাজ করছিলেন। এ সময় ৫ থেকে ৭ জনের একটি সশস্ত্র দল অফিসে প্রবেশ করে আব্দুস সালামকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। তাকে রক্ষা করতে গিয়ে রিপন হোসেনও গুলিবিদ্ধ হন। দুর্বৃত্তরা হামলার পরপরই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার আকস্মিকতায় পুষ্পপাড়া হাট ও এর পার্শ্ববর্তী এলাকায় তীব্র উত্তেজনা ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহগুলো হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আতাইকুলা থানার পুলিশ জানায়, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান এবং হামলায় সরাসরি জড়িত ব্যক্তিদের শনাক্ত করার জন্য পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত হামলার সুনির্দিষ্ট কারণ ও অপরাধীদের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও আধিপত্য বিস্তারকে ঘিরেই এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্থানীয় পুলিশ ও গোয়েন্দা বিভাগ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে মাঠ পর্যায়ে কার্যক্রম অব্যাহত রেখেছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.