
টিকটক প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগে মৌলভীবাজার থেকে মামুন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া মামুন ওই এলাকার নিজাম মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে, গত দুই-তিন দিন ধরে 'মামুন খান ০৭' নামের একটি টিকটক আইডি থেকে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিভিন্ন অশালীন ভিডিও তৈরি করে প্রচার করা হচ্ছিল। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় পর্যায়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। জানা গেছে, ওই যুবকের বিরুদ্ধে এর আগেও সদর মডেল থানায় মারামারির ঘটনায় লিখিত অভিযোগ রয়েছে।
এ বিষয়ে গিয়াসনগর ইউনিয়ন বিএনপির নেতা শামীম আহমেদ বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যেই পরিকল্পিতভাবে প্রধানমন্ত্রীকে কটূক্তি করা হয়েছে। এর পেছনে কোনো দুষ্কৃতকারী চক্র জড়িত থাকতে পারে বলে ধারণা করে তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সামাজিক মাধ্যমে আপত্তিকর ভিডিও পোস্ট করায় অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডে পুলিশ কোনো ধরনের ছাড় দেবে না বলেও তিনি নিশ্চিত করেছেন।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.