
বৃহস্পতিবার সকালে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে হেলিকপ্টারে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে পায়ে হেঁটে নলিয়ান কোস্টগার্ডের পন্টুনে যাওয়ার সময় সড়কের দুপাশে অপেক্ষমাণ সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। এসময় প্রধানমন্ত্রী অনেকের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাত মেলান। এই ভিড়ের মধ্যেই স্থানীয় বাদাম বিক্রেতা রাজুর সঙ্গেও হাত মেলান সরকারপ্রধান। প্রিয় নেতাকে সামনাসামনি পেয়ে আবেগাপ্লুত রাজু বলেন, আমি সাধারণ বাদাম বিক্রেতা, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং হাত মিলিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার জীবন সার্থক। আমার আর কি লাগে! তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান। নেতা কর্মীরা তাকে বিভিন্ন স্লোগান দিয়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীকে রাজু বলেন, অসংখ্য ধন্যবাদ স্যার।
সকাল ১০টা ২৮ মিনিটে নলিয়ানে পৌঁছানোর পর ১০টা ৪৮ মিনিটে পন্টুন থেকে নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। দীর্ঘ পথ পাড়ি দিয়ে দুপুর ১২টা ৫৫ মিনিটে তিনি বানৌজা মোংলার জেটিতে পৌঁছান। সফরের অংশ হিসেবে বিকালে তার মোংলা বন্দরের বিভিন্ন কার্যক্রম ও জেটি এলাকা সরেজমিনে পরিদর্শন করার কথা রয়েছে। এছাড়া প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন এলাকাটিও ঘুরে দেখবেন তিনি। দিনব্যাপী সরকারি সফরের সব কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে আকাশপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।





