
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (১১তম গ্রেড) পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার বেলা ১১টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রাজধানীজুড়ে প্রায় ১০০টি কেন্দ্রে মোট ২৪২টি পদের বিপরীতে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু পরীক্ষার আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের জোরালো অভিযোগ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে স্ট্যাটাসও দেন।
পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে অভিযোগটি ছড়িয়ে পড়লে অধিদপ্তর জরুরি ভিত্তিতে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়। অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-৫) মো. মাজহারুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং আগামী দুই থেকে তিন দিনের মধ্যে নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।





