
দেশের কোমলমতি শিশুদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ ও সহজাত সৃজনশীলতাকে রক্ষার দাবিতে হাইকোর্টে একটি জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন ১৫৯৩২/২০২৬ নম্বর এই রিট পিটিশনটি দায়ের করেন। রিট আবেদনে বিবাদী করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং এনসিটিবি চেয়ারম্যানকে।
রিটে আইনি যুক্তি হিসেবে বলা হয়, প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলককরণ) আইন, ১৯৯০ অনুযায়ী প্রাথমিক শিক্ষায় কোনো বাধা ছাড়াই ভর্তি হওয়া প্রতিটি শিশুর নিরঙ্কুশ আইনি অধিকার। তবে সরকার মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭ প্রণয়ন করে শিশুদের প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, যা মূল আইনের সঙ্গে সাংঘর্ষিক ও সম্পূর্ণ এখতিয়ারবহির্ভূত। এ ধরনের পরীক্ষার কারণে শিশুদের মনে তীব্র ভীতি ও মানসিক ট্রমা তৈরি হচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
শিশুদের ওপর অতিরিক্ত বইয়ের বোঝা চাপিয়ে দেওয়ার বিষয়টিও রিটে গুরুত্ব পেয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন, ২০১৮-এর সুস্পষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বাণিজ্যিক প্রকাশনীগুলোর সাথে যোগসাজশে এনসিটিবি অনুমোদিত বইয়ের বাইরেও নানা সহায়ক বই ও গাইড গছিয়ে দিচ্ছে। এ ধরনের ভারী বইয়ের বোঝার কারণে শিশুদের মেরুদণ্ডের ক্ষতিসহ শারীরিক সুস্থতা এবং স্বাভাবিক চিন্তা করার ক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
জাতীয় শিক্ষানীতি, ২০১০ অনুযায়ী শিশুদের জন্য কেবল এক বছর মেয়াদী সরকার অনুমোদিত প্রাক-প্রাথমিক শিক্ষা চালুর কথা থাকলেও দেশের বিভিন্ন কিন্ডারগার্টেন ও শিক্ষাপ্রতিষ্ঠান বেআইনিভাবে প্লে, নার্সারি, কেজি-১ ও কেজি-২ এর মতো একাধিক স্তর চালু করেছে। এর মাধ্যমে শিক্ষাকে একটি বাণিজ্যিক ফাঁদে পরিণত করা হয়েছে বলে পিটিশনে অভিযোগ তোলা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, শিশুদের মুক্তচিন্তা ধ্বংস করে মুখস্থবিদ্যার দিকে ঠেলে দেওয়ার এই অপচেষ্টা সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী মর্যাদাপূর্ণ জীবন, ৩১ অনুচ্ছেদ অনুযায়ী আইনের আশ্রয় লাভ এবং ১৭ ও ২৭ অনুচ্ছেদে বর্ণিত সমতাভিত্তিক শিক্ষার অধিকারের লঙ্ঘন। এমতাবস্থায়, প্রাথমিকে ভর্তি পরীক্ষা, অতিরিক্ত বই এবং সব অননুমোদিত কোর্স কেন নিষিদ্ধ ঘোষণা করা হবে না—তা জানতে রুল জারির আর্জি জানানো হয়েছে। একই সাথে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিশুদের সুরক্ষায় এসব কার্যক্রম স্থগিতের আবেদনও করা হয়েছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.