
সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল–অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা হাশেমের দীর্ঘ দাম্পত্যজীবনের আনুষ্ঠানিক ইতি ঘটছে। আজ রোববার রাতে নিজেদের ফেসবুক পেজে আলাদা পোস্টের মাধ্যমে তারা নিজেরাই এই বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন। শেহতাজ বিষয়টি নিশ্চিত করে জানান, পারস্পরিক বোঝাপড়া ও সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমেই তারা সম্পর্কের ইতি টানার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া নয় বলেও জানিয়েছেন এই সংগীতশিল্পী।
প্রীতম তাঁর ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, প্রায় ১০ বছরের দীর্ঘ পথচলার পর বৈবাহিক সম্পর্কের সমাপ্তি ঘটানো হচ্ছে। তিনি লিখেছেন, 'একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমরা দুজনই কৃতজ্ঞ। একে অপরের প্রতি আমাদের সম্মান ও শুভকামনা সব সময়ই থাকবে।' কেন এমন সিদ্ধান্ত নিতে হলো, তার ব্যাখ্যায় প্রীতম জানান, সময়ের পরিক্রমায় তাঁরা উপলব্ধি করেছেন যে পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে কিছু বড় পার্থক্য তৈরি হয়েছে। এমতাবস্থায় আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য মঙ্গলজনক হবে বলে তাঁরা মনে করছেন। প্রীতমের মতে, এটি কোনো আবেগপ্রবণ বা হুট করে নেওয়া সিদ্ধান্ত নয়; বরং অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে দীর্ঘ আলোচনা এবং পরিবারের সদস্যদের পূর্ণ সমর্থন ও সম্মতি নিয়েই তারা এই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তাঁরা। ২০১৭ সালে গানটির কাজের সময় তাঁদের পরিচয়, পরে সেই সম্পর্ক প্রেমে গড়ায়।
শেহতাজ মনিরা হাশেমও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রীতমের মতোই বার্তা দিয়েছেন। প্রায় এক দশকের সম্পর্কের ইতি টানার বিষয়টি উল্লেখ করে তিনি জানান, সময়ের সঙ্গে তাঁরা বুঝতে পেরেছেন যে সম্পর্কের ক্ষেত্রে যে দূরত্ব বা পার্থক্য তৈরি হয়েছে, তা মিটিয়ে একসঙ্গে এগিয়ে যাওয়া কঠিন। পরিবারের সমর্থন নিয়েই তাঁরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। জীবনের এই কঠিন পরিবর্তনের সময়ে ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর জন্য দুজনই বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন। তারা আশা করছেন, বিষয়টি যেন সংবেদনশীলতা ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করা হয়।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.