প্রেমীকাকে অন্যছেলের সাথে বিয়ের বাজার করতে এসেছে দেখতে পেয়ে মনের দুঃখে ফাঁস নিলো প্রেমীক। সোমবার গভীর রাতে নেত্রকোণার দুর্গাপুর পৌর শহরের সাধুপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। প্রেমীক মহসিন আল নাঈম (১৭) এই মহল্লার মতিউর রহমানের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দুইবছর আগে পার্শ্ববর্তী চন্ডিগড় এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে মহসিন আল নাঈমের। একপর্যায়ে বিষয়টি সবার মাঝে জানাজানি হয়। কিছুদিন আগে নাঈমের পরিবারের পক্ষ হতে ওই তরুণীর বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া হয়। উভয়পক্ষের আলোচনায় বিয়ে ঠিক হয় তাদের। এই অবস্থায়ই গত রোববার ওই তরুণীর বিয়ে অন্যছেলের সঙ্গে ঠিক করা হয়ে যায়। সেই বিয়ের কেনাকাটা করতে তরুনীটি স্থানীয় বাজারে আসে। বিষয়টি প্রেমিক নাঈম দেখতে পায়। তখন সে মনের দুঃখে বাড়ি গিয়ে রাতে পরিবারের অগোচরে বসতঘরের ধরনার সঙ্গে গলায় ফাঁস নেয়। ভোরেবেলা তাঁর মা দরজার ফাঁক দিয়ে নাঈমের নিথর দেহ ঝুলতে দেখেন। লোকজন এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ আসে। এই মৃত্যূতে এলাকায় শোকের ছায়া পড়েছে।
নিহত নাঈমের বড় ভাই মাহমুদুল হাসান বলেন, আমরা কিছুদিন আগে মেয়ের বাড়িতে গিয়ে সবকিছু ঠিকঠাক করে আসি। গত পরশু আমার ভাই ওই মেয়েকে বাজারে এসে বিয়ের কেনাকাটা করতে দেখে। আবার গতকাল রাতে ফোন দিলে মেয়েটি আমার ভাইকে না করে দেয়। এই পরিস্থিতিতে আমার ভাই এ ঘটনা ঘটিয়েছে।
ওসি খন্দকার শাকের আহমেদ জানান, আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে প্রেম ও মানসিক হতাশা থেকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে সে অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





