
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, একক কোনো পরাশক্তির আধিপত্য গোটা বিশ্ববাসীর জন্য ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে। লাভরভের মতে, দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় রাষ্ট্রগুলো নিজেদের সার্বভৌম উন্নয়নের কেন্দ্র হিসেবে গড়ে তোলার মাধ্যমে বিশ্বরাজনীতিতে একটি ন্যায়সংগত বহুমেরুকেন্দ্রিক ভারসাম্য তৈরির প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে।
ফিলিস্তিন ইস্যু নিয়ে রাশিয়ার অবস্থান পুনর্ব্যক্ত করে লাভরভ অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের ক্রমবর্ধমান বসতি স্থাপনের কঠোর সমালোচনা করেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, এভাবে বসতি সম্প্রসারণ চলতে থাকলে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ভূখণ্ড আর অবশিষ্ট থাকবে না, যা শেষ পর্যন্ত একটি স্বাধীন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকেই অসম্ভব করে তুলবে।
বিশ্বের চলমান সংকটময় পরিস্থিতির দিকে দৃষ্টি আকর্ষণ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিন ছাড়াও লেবানন, সিরিয়া, ইয়েমেন, ইরাক, সুদান, সোমালিয়া এবং দক্ষিণ সুদানের অস্থিরতা নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রচলিত কূটনৈতিক সীমার বাইরে গিয়ে জরুরি পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে তিনি কিউবার ওপর থেকে যুক্তরাষ্ট্রের আরোপিত কঠোর অবরোধ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
নাৎসি জার্মানির পতনের পর নুরেমবার্গ বিচারের ৮০ বছর পূর্তির প্রসঙ্গ টেনে লাভরভ বলেন, সেই ঐতিহাসিক বিচারের শিক্ষা থেকে বর্তমান বিশ্বের অনেকে এখনো শিক্ষা নেয়নি। তিনি অভিযোগ করেন, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ ইউক্রেনীয় নাৎসিবাদকে প্রশ্রয় দিচ্ছে। পাশাপাশি, রুশ ভাষা ব্যবহারের ওপর বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করা হচ্ছে বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন। নাৎসি জার্মানির পরাজয়ের পর নুরেমবার্গ বিচার শেষ হওয়ার ৮০ বছর পূর্তির প্রসঙ্গও বক্তব্যে তুলে ধরেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.