
ফেনী সদরে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ভোর পৌনে ৪টার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সরকারি অফিসে হামলার ঘটনা ঘটেছে। এ সময় পরিবার পরিকল্পনা কার্যালয় এবং সাব রেজিস্ট্রি অফিস লক্ষ্য করে হামলা চালানো হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরিবার পরিকল্পনা কার্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সালাউদ্দিন মোড় থেকে মোটরসাইকেলে আসা দুজন ব্যক্তি প্রধান ফটকের সামনে থামেন। এরপর তারা গ্যারেজ লক্ষ্য করে দুটি পেট্রল বোমা ও একটি ককটেল নিক্ষেপ করেন। বিস্ফোরণ ঘটিয়ে তারা দ্রুত দেওয়ানগঞ্জের দিকে পালিয়ে যান।
পরিবার পরিকল্পনা ফেনী কার্যালয়ের উপপরিচালক মোস্তাফিজুর রহমান চৌধুরী জানান, সিসিটিভি ফুটেজে হামলার দৃশ্য ধরা পড়লেও অপরাধীদের প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনার পর থেকে আতঙ্কে দিন কাটাচ্ছেন। একই রাতে জেলা রেজিস্ট্রি অফিস ভবনের নিচতলায় অগ্নিসংযোগের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ফেনী সদর উপজেলা সাব রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) আবদুর রহমান মুহাম্মদ তামিম এই অভিযোগকে অসত্য বলে দাবি করেছেন।
এদিকে ফেনী মডেল থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তিনি বলেন, পরিবার পরিকল্পনা কার্যালয় লক্ষ্য করে পেট্রল বোমা নয়, বরং একটি কাচের বোতল নিক্ষেপ করা হয়েছিল। নৈশপ্রহরীর তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে কাচের টুকরা সংগ্রহ করেছে এবং সিসিটিভি ফুটেজে বড় কোনো বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি।
অন্যদিকে, হামলার ওই রাতেই ফেনীর লালপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বড় ধরনের মোটরসাইকেল শোডাউন করতে দেখা গেছে। তারা সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর পক্ষে স্লোগান দেন। এছাড়া পৌর শহরের সালাউদ্দিন মোড়সহ বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাত ১১টার পর থেকেই এ সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.